দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা।
সোমবার (২ নভেম্বর) নতুন এ দাম ঘোষণা করে বিইআরসি। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ৫ কেজি থেকে ৪৫ কেজি পর্যন্ত বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের দামও বাড়ানো হয়েছে।
নতুন মূল্যতালিকায় সাড়ে ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৮৪২ টাকা থেকে বাড়িয়ে ৯৪৪ টাকা করা হয়েছে। সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৯১৩ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ১৫ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ২৯৬ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৫৭৫ টাকা, ১৬ কেজির দাম ২ হাজার ৪৪৯ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৭৮৭ টাকা এবং ১৮ কেজির দাম ২ হাজার ৭৫৫ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৯০ টাকা করা হয়েছে।
একইভাবে ২০ কেজির সিলিন্ডারের দাম ৩ হাজার ৬১ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৪৩৪ টাকা, ২২ কেজির দাম ৩ হাজার ৩৬৭ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৭৭৭ টাকা এবং ২৫ কেজির দাম ৩ হাজার ৮২৭ টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার ২৯২ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, ৩০ কেজির সিলিন্ডারের দাম ৪ হাজার ৫৯২ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার ১৫০ টাকা, ৩৩ কেজির দাম ৫ হাজার ৫১ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার ৬৬৫ টাকা, ৩৫ কেজির দাম ৫ হাজার ৩৫৭ টাকা থেকে বাড়িয়ে ৬ হাজার ৯ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৬ হাজার ৮৮৮ টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার ৭২৬ টাকা করা হয়েছে।
বিইআরসির বিজ্ঞপ্তিতে বেসরকারি এলপিজির মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ প্রতি কেজি ২৩ টাকা ৪৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ডিস্ট্রিবিউটর চার্জ প্রতি কেজি ৭ টাকা ৮ পয়সা এবং খুচরা বিক্রেতা পর্যায়ের চার্জ প্রতি কেজি ৫ টাকা ৮৩ পয়সা পুনর্নির্ধারণ করা হয়েছে।
অটোগ্যাসের ক্ষেত্রেও চার্জ পুনর্নির্ধারণ করেছে কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অটোগ্যাসের মজুতকরণ চার্জ প্রতি লিটার ৫ টাকা ৫৯ পয়সা এবং স্টেশন চার্জ প্রতি লিটার ৯ টাকা ২৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৪ অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়েছিল বিইআরসি। তখন ১ হাজার ৫৮৫ টাকা থেকে বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৮৩৭ টাকা। বাজারে এলপিজির সংকট ও বাড়তি দামের অভিযোগের মধ্যেই এক মাসের ব্যবধানে আবারও দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল কমিশন।