ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি জোরদার, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি উদ্ধার কার্যক্রমের সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে নিজ কার্যালয়ে ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি ও করণীয় শীর্ষক এক বিশেষ সভায় তিনি এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসন শিপলু নিশ্চিত করেছেন যে, সভায় রাজধানী ঢাকাসহ দেশের ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলোতে জননিরাপত্তা জোরদারে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে পুরনো ও ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত শনাক্তকরণ, ভবন নির্মাণের ক্ষেত্রে জাতীয় বিল্ডিং কোড কঠোরভাবে অনুসরণ এবং ফায়ার সার্ভিসসহ উদ্ধারকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধির তাগিদ দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ভূমিকম্প মোকাবিলায় প্রাণহানি কমাতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, রাজউক এবং ফায়ার সার্ভিসসহ জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর মধ্যে কার্যকর ও নিবিড় সমন্বয় অত্যন্ত জরুরি। এছাড়া হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নিরাপত্তা, পর্যাপ্ত উদ্ধার সরঞ্জাম মজুদ, উদ্ধারকর্মীদের প্রশিক্ষণ নিশ্চিত করা এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়ানোর বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
উক্ত প্রস্তুতিমূলক সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজুসহ বিভিন্ন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।