চলতি বছরের শুরু থেকে অনলাইন শপিং ব্যবসাকে কেন্দ্র করে ফিশিং ও ভুয়া অফারের প্রবণতা বেড়েছে। নিরাপত্তা সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ব্যাংক, অনলাইন স্টোর ও পেমেন্ট সিস্টেমের ছদ্মবেশে তৈরি ৬৫ লাখের বেশি ফিশিং প্রচেষ্টা শনাক্ত ও ব্লক করা হয়েছে। এর প্রায় ৪৮ শতাংশই ছিল অনলাইন ক্রেতাদের লক্ষ্য করে।
প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে সাইবার অপরাধীদের প্রধান লক্ষ্য ছিল গেমিং প্ল্যাটফর্ম। এসব প্ল্যাটফর্মে হামলার চেষ্টা দুই কোটি ছাড়িয়েছে। এর মধ্যে শুধু ডিসকর্ড ব্যবহার করে এক কোটি ৮৫ লাখের বেশি হামলার প্রচেষ্টা শনাক্ত হয়েছে।
ব্ল্যাক ফ্রাইডে ঘিরেও ছড়ানো হয়েছে বিপুলসংখ্যক স্প্যাম ইমেইল। সেপ্টেম্বরের প্রথম দুই সপ্তাহে লক্ষাধিক স্প্যাম ইমেইল শনাক্ত করা হয়। এর মধ্যে দুই হাজারের বেশি ইমেইল ছিল বিশেষ দিবসকেন্দ্রিক। শনাক্ত হওয়া অনেক ইমেইলই আগের বছরের টেমপ্লেট পুনর্ব্যবহার করে তৈরি করা হয়েছে।
আলিবাবা, অ্যামাজন ও ওয়ালমার্টসহ বেশ কয়েকটি পরিচিত ব্র্যান্ডের নাম ব্যবহার করে এসব স্প্যাম ছড়ানো হয়েছে। বাদ পড়েনি বিনোদন প্ল্যাটফর্মও। চলতি বছর নেটফ্লিক্সের নামে আট লাখের বেশি এবং স্পটিফাইয়ের নামে পাঁচ লাখের বেশি ফিশিং প্রচেষ্টা শনাক্ত করেছে নিরাপত্তা সংস্থাটি।
ই-কমার্সের পাশাপাশি স্টিম, প্লেস্টেশন ও এক্সবক্সের মতো গেমিং প্ল্যাটফর্মও সাইবার অপরাধীদের লক্ষ্যবস্তু হয়েছে। এসব প্ল্যাটফর্মকে ঘিরে ২০ লাখের বেশি ফিশিং প্রচেষ্টা শনাক্ত হয়েছে। একই সঙ্গে গেমিং সফটওয়্যারের ছদ্মবেশে ছড়ানো ম্যালওয়্যারের সংখ্যাও উল্লেখযোগ্য হারে বেড়েছে।
প্রতিবেদনে দুই কোটির বেশি ম্যালওয়্যার-সংক্রান্ত প্রচেষ্টার কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ডিসকর্ডের মাধ্যমে শনাক্ত হওয়া ম্যালওয়্যার প্রচেষ্টার সংখ্যা প্রায় দুই কোটি, যা গত বছরের তুলনায় ১৪ গুণ বেশি।
ক্যাসপারস্কির সিনিয়র ওয়েব কনটেন্ট অ্যানালিস্ট ওলগা অলতুখোভা বলেন, চলতি বছরের তথ্য-উপাত্ত থেকে বোঝা যায়, সাইবার অপরাধীরা এখন ডিজিটাল জগতের প্রায় সব ক্ষেত্রেই সক্রিয়। স্ট্রিমিং, অনলাইন শপিং, গেমিং ও যোগাযোগ প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের চলাচল পর্যবেক্ষণ করে তারা কৌশল পরিবর্তন করছে এবং পরিচিত ডিজিটাল পরিবেশের মধ্যেই নিজেদের আড়াল করছে।
এ পরিস্থিতিতে অনলাইনে কেনাকাটা ও আর্থিক লেনদেনের সময় সতর্ক থাকার পাশাপাশি সাইবার নিরাপত্তাবিষয়ক পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়েছে নিরাপত্তা সংস্থাটি।