শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রভিত্তিক তিন প্রতিষ্ঠানের সঙ্গে নতুন রয়্যালটি চুক্তি করেছে। এসব চুক্তির আওতায় নির্বাচিত ব্র্যান্ডের নিট বিক্রির ওপর ৬ শতাংশ হারে রয়্যালটি দিতে হবে। নতুন চুক্তিগুলো ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় নতুন চুক্তিগুলোর বিষয়টি জানানো হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির তথ্য অনুযায়ী, নেদারল্যান্ডসভিত্তিক রেকিট বেনকিজার (ইএনএ) বিভির সঙ্গে ২০১৯ সালের ১০ এপ্রিল করা আগের লাইসেন্স চুক্তি এবং ২০২৩ সালের ৮ আগস্ট করা প্রথম সংশোধনী বাতিল করা হয়েছে। একইভাবে যুক্তরাজ্যভিত্তিক রেকিট বেনকিজার হেলথ লিমিটেডের সঙ্গে করা আগের লাইসেন্স চুক্তি ও প্রথম সংশোধনীও বাতিল করা হয়েছে। উভয় প্রতিষ্ঠানের সঙ্গে পুরোনো চুক্তি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর থেকে কার্যকরভাবে বাতিল হয়েছে।
আগের চুক্তি অনুযায়ী, নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠানের নির্বাচিত ব্র্যান্ডের নিট বিক্রির ওপর সাড়ে ৩ থেকে ৫ শতাংশ রয়্যালটি দিতে হতো। অন্যদিকে, যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে রয়্যালটির হার ছিল ৬ শতাংশ।
নতুন চুক্তির আওতায় নেদারল্যান্ডস ও যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানের পাশাপাশি যুক্তরাষ্ট্রের রেকিট বেনকিজার এলএলসির সঙ্গেও লাইসেন্স চুক্তি করেছে বাংলাদেশি প্রতিষ্ঠানটি। তিনটি চুক্তিতেই নির্বাচিত ব্র্যান্ডের নিট বিক্রির ওপর ৬ শতাংশ রয়্যালটি নির্ধারণ করা হয়েছে।
কোম্পানিটি জানিয়েছে, নতুন চুক্তিগুলো অনুমোদনের জন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কাছে জমা দেওয়া হবে। কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী তথ্য জানানো হবে।