দেশকে এগিয়ে নিতে যুবসমাজের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (১ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) আয়োজিত জাতীয় যুব দিবস ২০২৬-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, যুবসমাজ দেশের প্রধান চালিকাশক্তি। তাদেরকে কর্মমুখী করতে হবে। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজের হাতে চালিকা শক্তি দিতে হবে। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজের বিকল্প নেই। যুবসমাজকে কিভাবে কাজে লাগানো যায়, সেটাই সরকারের বড় চ্যালেঞ্জ।
সব কিছু নিয়ে রাজনীতি না করে কাজ করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, রাস্তায় নয়, পার্লামেন্ট কেন্দ্রিক রাজনীতি হতে হবে। আন্দোলন করে ফ্যাসিস্ট শক্তিকে সরিয়ে দেয়া হয়েছে। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হয়েছে। এটাকে কাজে লাগাতে হবে।
শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে উপযোগী শিক্ষা ব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে মির্জা ফখরুল বলেন, শিক্ষিত দক্ষ জনশক্তি বাইরে পাঠাতে পারলে বাইরের বাজার ধরা সহজ হবে। এজন্য সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, সব ধরণের বৈষম্যের বিরুদ্ধে যুবসমাজকে রুখে দাঁড়াতে হবে। সমাজের খারাপ দিকগুলোকে আন্দোলনের মাধ্যমে রুখে দিতে হবে যুবসমাজকে।