বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এতে ওই যানচলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে কালিয়াকৈর (চন্দ্রা) পল্লী বিদ্যুৎ এলাকায় শুরু হওয়া এ অবরোধ বিকেল সাড়ে ৪টার দিকেও চলছিল বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম।
বেতন বৃদ্ধির দাবিতে গত কয়েকদিন ধরেই গাজীপুরের শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের বিক্ষোভ চলছে। মহাসড়ক অবরোধ, মিছিল, কারখানা ভাঙচুরসহ বিভিন্ন উপায়ে তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।
পুলিশ জানায়, শনিবার দুপুরের পর পল্লী বিদ্যুৎ এলাকায় একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা ঢাকা টাঙ্গাইল-মহাসড়ক অবরোধ করে। এরপর থেকে ওই মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে।
এদিকে শ্রমিকদের বিক্ষোভ ও আন্দোলনের কারণে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আশপাশের এলাকার বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সুপার মো. আমজাদ হোসেন।
তিনি বলেন, মজুরি বৃদ্ধির দাবিতে এই আন্দোলন চলছে, বিকাল সাড়ে ৪টার দিকেও আন্দোলনকারীরা মহাসড়কে অবস্থান করছেন। তবে তাদের রাস্তা থেকে সরিয়ে নিতে চেষ্টা চলছে।
ওসি শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে, অবরোধকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা চলমান রয়েছে।