ছোট পর্দা ও ওটিটিতে ভিন্নধর্মী গল্প নির্মাণ করে পরিচিতি পেয়েছেন ভিকি জাহেদ। এবার বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে এই নির্মাতার। তার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘খলনায়ক’-এ একসঙ্গে অভিনয় করবেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও তমা মির্জা।
আজ (৩০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিনেমাটির অভিনয়শিল্পী ও নির্মাণসংশ্লিষ্টদের নাম প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড।
মনস্তাত্ত্বিক থ্রিলারধর্মী সিনেমা ‘খলনায়ক’-এর কেন্দ্রীয় দুই চরিত্রে থাকছেন নিশো ও চঞ্চল। তাদের সঙ্গে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন তমা মির্জা।
শুধু এই তিন তারকাই নন, সিনেমাটিতে থাকছে অভিনয়শিল্পীদের বড় একটি দল। বিভিন্ন চরিত্রে দেখা যাবে শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, সুমন পাটোয়ারী, গাজী রাকায়েত, বিজরী বরকতুল্লাহ, সোহেল মণ্ডল, সুমন আনোয়ার, তুষার খান ও সেন্টুকে। বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।
প্রথম সিনেমাতেই এমন অভিনয়শিল্পীদের নিয়ে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ভিকি জাহেদ। তিনি বলেন, ‘খলনায়ক শুধু একটি গল্প নয়, এটি মানবচরিত্রের গভীর জটিলতা ও রহস্যময়তার এক নতুন চিত্রায়ন। চিত্রনাট্য, অভিনয়শিল্পী নির্বাচন থেকে শুরু করে নির্মাণশৈলী—প্রতিটি ক্ষেত্রেই দর্শক ভিন্নতা দেখতে পাবেন।’
নিশো ও চঞ্চলকে একসঙ্গে পরিচালনার অভিজ্ঞতাও তার কাছে রোমাঞ্চকর ও চ্যালেঞ্জিং বলে জানিয়েছেন নির্মাতা।
সিনেমাটির গল্প ও চরিত্র নিয়ে আগ্রহী আফরান নিশোও। তার কথায়, ‘ভিকি জাহেদের নির্মাণ ও গল্প বলার ধরন অন্যদের থেকে ভিন্ন। খলনায়কের চিত্রনাট্য শোনার পরই মনে হয়েছে, এটি দারুণ একটি মনস্তাত্ত্বিক ক্যানভাস।’
অন্যদিকে চঞ্চল চৌধুরী জানিয়েছেন, সিনেমায় তার চরিত্রটি বেশ জটিল ও মনস্তাত্ত্বিক। একজন অভিনেতা হিসেবে এমন চরিত্রে কাজ করার সুযোগ তাকে আকৃষ্ট করেছে। নিশোর সঙ্গে আবারও কাজ করতে পারছেন বলেও আনন্দ প্রকাশ করেছেন তিনি।
‘খলনায়ক’-এর চিত্রগ্রহণের দায়িত্বে থাকছেন শুভঙ্কর ভট। প্রডাকশন ডিজাইন ও শিল্প নির্দেশনায় কাজ করবেন ভারতের শিবাজী পাল।
সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠানটির সঙ্গে প্রথমবারের মতো যৌথভাবে কাজ করছে হইচই স্টুডিওজ।
প্রযোজনা প্রতিষ্ঠানের চেয়ারম্যান মহেন্দ্র সোনি জানিয়েছেন, বাংলাদেশের সিনেমাকে আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তারা ‘খলনায়ক’ নির্মাণ করছেন। অন্যদিকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিলের প্রত্যাশা, সিনেমাটি দর্শকদের ভিন্ন ধরনের মনস্তাত্ত্বিক থ্রিলারের অভিজ্ঞতা দেবে।
এর আগে ‘সুড়ঙ্গ’, ‘তুফান’, ‘দাগি’ ও ‘তাণ্ডব’-এর মতো সিনেমার সঙ্গে যুক্ত ছিল এসভিএফ আলফা-আই।
তবে ‘খলনায়ক’ কবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, তা এখনো জানানো হয়নি। শিগগিরই সিনেমাটির মুক্তির তারিখসহ বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।