জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি ও সংসদ সদস্য সাঈদ আহমেদকে সংবর্ধনা দিয়েছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার গুলশানের হোটেল রেনেসাঁয় এ সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘ভিশন ২০৩৬: সুরক্ষিত আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে দেশের বীমা খাতের শীর্ষস্থানীয় ব্যক্তি, বিআইএর নির্বাহী কমিটির সদস্য এবং বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে সাঈদ আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফারজানা চৌধুরী। এ সময় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন আহমেদ চৌধুরী তাঁকে উত্তরীয় পরিয়ে দেন। পরে সাঈদ আহমেদের হাতে একটি বিশেষ স্কেচ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের অন্যতম লক্ষ্য ছিল দেশের বীমা খাতের উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা। প্রতিপাদ্যে জিডিপিতে বীমা খাতের অবদান ১ শতাংশে উন্নীত করার লক্ষ্যও তুলে ধরা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে বাংলাদেশের বীমা খাতের অগ্রগতি, সম্ভাবনা ও কার্যক্রম নিয়ে একটি অডিও-ভিজ্যুয়াল উপস্থাপনা প্রদর্শন করা হয়। এ ছাড়া সাঈদ আহমেদের বীমা খাতসংশ্লিষ্ট কর্মকাণ্ড তুলে ধরে আরেকটি অডিও-ভিজ্যুয়াল উপস্থাপনা দেখানো হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির এমডি ও সিইও ফারজানা চৌধুরী। বক্তব্যে তিনি বীমা খাতের উন্নয়ন এবং এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের সিনিয়র কনসালট্যান্ট এ কে এম ইফতেখার আহমেদ, পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির এমডি ও সিইও এবং বিআইএর নির্বাহী কমিটির সদস্য বি এম ইউসুফ আলী, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ভাইস প্রেসিডেন্ট ও বিআইএর সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির (বিজিআইসি) চেয়ারম্যান তওহিদ সামাদ এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীর টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসাইন, অ্যাকচুয়ারি এবং জীবন বীমা করপোরেশন ও সাধারণ বীমা করপোরেশনের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসির সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান, বিআইএর প্রথম ভাইস প্রেসিডেন্ট ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক আদিবা রহমান এবং বিআইএর ভাইস প্রেসিডেন্ট ও অগ্রণী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান কাজী সাখাওয়াত হুসাইনসহ বীমা খাতের অন্যান্য প্রতিনিধিরা।
অনুষ্ঠানের মূল পর্বে সাঈদ আহমেদকে তাঁর নতুন দায়িত্বে সাফল্য কামনা করে অভিনন্দন জানানো হয়। পরে তিনি উপস্থিত অতিথিদের উদ্দেশে বক্তব্য দেন। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির হেড অব রিইনস্যুরেন্স সৈয়দ ফরহাদ আব্বাস হুসাইন।
আনুষ্ঠানিক পর্ব শেষে অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়।