বাংলাদেশে বিওয়াইডি গাড়ি কেনার ক্ষেত্রে অটো ফাইন্যান্সিং সুবিধা দিতে সিজি রানার বিডি লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। এ চুক্তির আওতায় যোগ্য গ্রাহকেরা গাড়ির মূল্য অনুযায়ী সর্বোচ্চ ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।
সম্প্রতি দুই প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ এবং সিজি রানার বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিদ সালিফ খান।
চুক্তি অনুযায়ী, গ্রাহকেরা প্রতিযোগিতামূলক সুদের হার, সহজ কিস্তিতে ঋণ পরিশোধ এবং বিওয়াইডি গাড়ি কেনার জন্য বিশেষ অর্থায়ন সুবিধা পাবেন। গাড়ির মূল্যের সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক। ঋণের পরিমাণ হবে সর্বনিম্ন ৪ লাখ থেকে সর্বোচ্চ ৮০ লাখ টাকা। ঋণ পরিশোধের মেয়াদ সর্বোচ্চ ছয় বছর।
ব্যাংকটি জানিয়েছে, প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দেওয়ার পর ঋণ অনুমোদনের নিজস্ব নীতিমালা অনুসরণ করে তিন কার্যদিবসের মধ্যে ঋণ প্রক্রিয়াকরণের ব্যবস্থা থাকবে।
এ অংশীদারত্বের মাধ্যমে গাড়ি কেনার অর্থায়ন প্রক্রিয়া সহজ করা, গ্রাহকদের জন্য সুবিধা বাড়ানো এবং দেশে আধুনিক ও পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার উৎসাহিত করার লক্ষ্য নির্ধারণ করেছে দুই প্রতিষ্ঠান।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ জাভেদ তারেক খান; অপারেশনস, ইন্টারন্যাশনাল ডিভিশন ও অফশোর ব্যাংকিংয়ের প্রধান মুহাম্মদ নুরন্নবী; ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট ও ইউনিট প্রধান মোহাম্মদ মাজিদুল হক পাটোয়ারী এবং জনসংযোগ বিভাগের প্রধান ও রিটেইল ডিস্ট্রিবিউশন বিভাগের সমন্বয়কারী মোহাম্মদ রাশাদুল আনোয়ার।
সিজি রানার বিডি লিমিটেডের পক্ষে অনুষ্ঠানে ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা মো. ফেরদৌসুর রহমান, এফসিএ এবং ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান মেথুন ভট্টাচার্য।
মিডল্যান্ড ব্যাংক জানিয়েছে, এ সহযোগিতার মাধ্যমে উদ্ভাবনী অর্থায়ন সুবিধা সম্প্রসারণ, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং কৌশলগত অংশীদারত্বের ভিত্তিতে পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার প্রসারে তাদের উদ্যোগ আরও এগিয়ে যাবে।