পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি সিটি ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদ ৭ কোটি টাকা ব্যয়ে অফিসের জায়গা কেনার সিদ্ধান্ত নিয়েছে। রাজধানী মতিঝিলের আরামবাগে অবস্থিত একটি ভবনের নবম তলায় অফিস স্পেস এবং বেজমেন্টে গাড়ি পার্কিংয়ের জায়গা কিনবে কোম্পানিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির তথ্য অনুযায়ী, গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় বাণিজ্যিক স্পেস কেনার এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, মতিঝিলের আরামবাগের ১০/২ নম্বর ঠিকানায় অবস্থিত গাউসিয়া কাশেম সেন্টারে মোট ৫ হাজার ৯২৬ বর্গফুট জায়গা কিনবে সিটি জেনারেল ইন্স্যুরেন্স।
এর মধ্যে ভবনটির নবম তলায় ৫ হাজার ৭৮২ বর্গফুট অফিস স্পেস এবং বেজমেন্টে ১৪৪ বর্গফুট গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। প্রতি বর্গফুটের আনুমানিক মূল্য ১১ হাজার ৮১২ টাকা ৩৬ পয়সা হিসাবে মোট ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৭ কোটি টাকা।
তবে এ মূল্যের সঙ্গে প্রযোজ্য মূল্য সংযোজন কর (ভ্যাট), কর, স্ট্যাম্প, নিবন্ধন ফি এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যয় যুক্ত হবে। ফলে বাণিজ্যিক স্পেস কেনায় কোম্পানিটির মোট ব্যয় ৭ কোটি টাকার বেশি হবে।
কোম্পানিটি জানিয়েছে, এ ক্রয় সিদ্ধান্ত কার্যকর করতে আইডিআরএ এবং প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন হবে। অনুমোদন পাওয়ার পরই সম্পত্তি কেনার পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে।