ভিন্নধর্মী গল্প ও চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের মনোযোগ কেড়েছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। এবার ‘অজানা অধ্যায়’ নামে একটি একক নাটকে নতুন রূপে হাজির হয়েছেন তিনি। নাটকটিতে ইতি নামে এক সংগ্রামী তরুণীর চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ, যে অসুস্থ বাবা ও অসহায় বড় বোনের দায়িত্ব কাঁধে নিয়ে জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হয়।
নাটকের গল্পে দেখা যায়, ইতি প্রতিদিন চাকরির কথা বলে বাড়ি থেকে বের হলেও আসলে কোনো চাকরি করে না। পরিবারের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে সে বেছে নেয় অন্ধকার জগতের পথ। অর্থের বিনিময়ে সমাজের বিত্তবানদের সঙ্গে সময় কাটায় সে। একসময় ইতির প্রেমিক তার জীবনের এই গোপন সত্য জানতে পারে। বিষয়টি জানার পর দিশেহারা হয়ে পড়ে সে। ইতিকে কীভাবে এই পথ থেকে ফিরিয়ে আনবে, তা নিয়ে তৈরি হয় নানা জটিলতা। এভাবেই গল্পে একের পর এক নতুন ঘটনার জন্ম হয়।
‘অজানা অধ্যায়’ নাটকটি নির্মাণ করেছেন জহিরুল ইসলাম নীরব। নাটকের গল্প ও চিত্রনাট্যও তাঁর লেখা। এতে সুনেরাহর বিপরীতে অভিনয় করেছেন আরশ খান। আরও রয়েছেন দিলরুবা হোসেন দোয়েল, সাহেদ আলী, মঞ্জু রহমান, রিপন, শফিক ও ইমনসহ অনেকে। সম্প্রতি জি-সিরিজের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করা হয়েছে।
সুনেরাহর ভাষ্য, ক্যারিয়ারে নানা ধরনের গল্প ও চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি। তবে ‘অজানা অধ্যায়’-এর গল্প ও ইতির চরিত্র আগের কাজগুলোর তুলনায় আলাদা। সাবলীল অভিনয়ের মাধ্যমে চরিত্রটিকে দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টা করেছেন তিনি। গল্প, চরিত্র, নির্মাণ ও সহশিল্পীদের অভিনয় মিলিয়ে নাটকটি দর্শকের মনে দাগ কাটবে বলে আশা তাঁর।
আরশ খানের সঙ্গে জুটি প্রসঙ্গে সুনেরাহ জানান, দর্শকের প্রত্যাশা পূরণে নির্মাতারা নতুন নতুন গল্প নিয়ে কাজ করেন। আরশের সঙ্গে তাঁদের জুটিকে দর্শক শুরু থেকেই পছন্দ করেছেন। এ কারণেই নির্মাতারা তাঁদের নিয়ে আরও নতুন গল্প পর্দায় তুলে ধরতে আগ্রহী।
এর আগে ‘মায়ারে’ নাটকে জুটি বেঁধে প্রশংসা পেয়েছেন সুনেরাহ ও আরশ। এ ছাড়া ‘কপাল’, ‘ভুল নাকি প্রেম’, ‘না বলা কথা’, ‘তুমি দূরত্ব চেয়ো না’, ‘সিগনেচার’, ‘পরমা সুন্দরী’, ‘বাটারফ্লাই ইফেক্ট’, ‘পাষাণ হৃদয়’, ‘কখনও কি তোমার হবো’, ‘আমি তুমি, তুমি আমি’, ‘হৃদয়ে ফাগুন’, ‘পূর্ণতা’, ‘ফিরে আসা ভালোবাসা’ ও ‘শ্যাওলা ফুল’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। নতুন নাটক ‘অজানা অধ্যায়’ দিয়েও দর্শকের আগ্রহ ধরে রাখার প্রত্যাশা এই জুটির।