ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সহযোগী প্রতিষ্ঠান এবং বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান উপায় এবং ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন, পরীক্ষার প্রস্তুতি এবং বিভিন্ন দক্ষতা উন্নয়নের এডটেক প্ল্যাটফর্ম ইংলিশ কার্নিভাল বাংলাদেশ একটি কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে। শিক্ষার্থীদের জন্য ডিজিটাল পেমেন্ট আরও সহজলভ্য করা, লেনদেনে বাড়তি সুবিধা নিশ্চিত করা এবং শিক্ষাক্ষেত্রে ক্যাশলেস ব্যবস্থার প্রসার ঘটানো এই উদ্যোগের মূল লক্ষ্য।
এ উপলক্ষে আজ উপায়ের প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেন। এই অংশীদারত্বের ফলে শিক্ষার্থীরা আরও সহজে পেমেন্ট করতে পারবেন। পাশাপাশি, বাংলাদেশের শিক্ষা খাতে ডিজিটাল আর্থিক সেবার ব্যবহার বাড়ানোর পথও আরও প্রসারিত হবে।
সমঝোতা স্মারক অনুযায়ী, ইংলিশ কার্নিভালের শিক্ষার্থী নিবন্ধনের জন্য পেমেন্ট গেটওয়ে চালু করা হবে। এ ছাড়া শিক্ষার্থীদের ক্যাশব্যাক ও বিভিন্ন প্রচারমূলক সুবিধা দেওয়া হবে উপায়ের মাধ্যমে। ইংলিশ কার্নিভালের ক্যাম্পাস অ্যাম্বাসেডরদের কমিশন ও প্রণোদনার অর্থ বিতরণেও কাজ করবে প্রতিষ্ঠান দুটি।
এই অংশীদারত্বের আওতায় যৌথ প্রচার কার্যক্রমও পরিচালিত হবে। এতে উপায় থাকবে ‘পেমেন্ট পার্টনার’ হিসেবে, আর ইংলিশ কার্নিভাল বাংলাদেশ থাকবে ‘এডুকেশন পার্টনার’ হিসেবে। পাশাপাশি বিভিন্ন যৌথ অনুষ্ঠান, বিশ্ববিদ্যালয়ভিত্তিক কার্যক্রম, কুইজ ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। এসব উদ্যোগে ইংরেজি ভাষার দক্ষতা, ক্যারিয়ার প্রস্তুতি ও আর্থিক সচেতনতার বিষয়গুলো গুরুত্ব পাবে।
বর্তমানে ইংলিশ কার্নিভাল বাংলাদেশের নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ১৫ হাজারের বেশি। দেশজুড়ে ৬৪টি জেলায় প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করছেন ৩ হাজার ৫০০-এর বেশি ক্যাম্পাস অ্যাম্বাসেডর। এ ছাড়া ৫০০টিরও বেশি কলেজ ও বিশ্ববিদ্যালয় তাদের কার্যক্রমের সঙ্গে যুক্ত। ইংলিশ কার্নিভালের এই বিস্তৃত নেটওয়ার্কের সঙ্গে উপায়ের ডিজিটাল পেমেন্ট সুবিধা যুক্ত হলে শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতা আরও সহজ, কার্যকর ও প্রযুক্তিনির্ভর হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংলিশ কার্নিভাল বাংলাদেশের ডিরেক্টর, বিজনেস অপারেশনস মো. হুমায়ুন কবির এবং ম্যানেজার, এইচআর অ্যান্ড অ্যাডমিন শিবলী কোরেশী। উপায় থেকে উপস্থিত ছিলেন হেড অব করপোরেট বিজনেস সাজ্জাদ আলম; হেড অব প্রোডাক্ট মোহাম্মদ মামুন রেজা খান; হেড অব মার্কেটিং কাজী শাকিল মাহমুদ; ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম), স্ট্র্যাটেজি, জহির উদ্দিন মাহমুদ; জেনারেল ম্যানেজার (জিএম), করপোরেট সেলস মো. মুরাদ হাসান এবং কি অ্যাকাউন্ট ম্যানেজার, করপোরেট সেলস, নাহনুজ আফরান করিম।
উপায় ও ইংলিশ কার্নিভাল বাংলাদেশের এই অংশীদারত্ব দেশের শিক্ষাব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও গতিশীল করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।