রাজধানীর মেট্রোরেলে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন দুটি আধুনিক ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এর আওতায় মেট্রোরেলের সব স্টেশনে আর্চওয়ে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার স্থাপন করা হবে।
অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ এবং যাত্রীদের ব্যাগ ও মালামাল তল্লাশির মাধ্যমে সার্বিক নিরাপত্তা জোরদার করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমটিসিএলের এক দায়িত্বশীল কর্মকর্তা।
মেট্রোরেলের নিরাপত্তায় প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি সংগ্রহের জন্য ইতোমধ্যে অনলাইন দরপত্র আহ্বান করেছে ডিএমটিসিএল। প্রতিষ্ঠানটির স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আসাদুজ্জামান গত ১৯ অক্টোবর এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে যোগ্য ও আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে জাতীয় ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পোর্টালে নিবন্ধনের মাধ্যমে দরপত্র জমা দিতে বলা হয়েছে। দরপত্রের শর্তাবলি, প্রয়োজনীয় নির্দেশনা ও বিস্তারিত তথ্য ই-জিপি পোর্টাল এবং কর্তৃপক্ষের নির্ধারিত হেল্পডেস্ক থেকে সংগ্রহ করা যাবে।
নতুন এ ব্যবস্থার মাধ্যমে স্টেশনে প্রবেশের সময় যাত্রীদের সঙ্গে থাকা ধাতব বস্তু শনাক্ত করা এবং ব্যাগ ও লাগেজ স্ক্যান করার সুযোগ তৈরি হবে। এতে মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থায় আরও কঠোর নজরদারি নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
একই দরপত্র বিজ্ঞপ্তিতে এমআরটি লাইন-৬-এর ডিপোর বিদ্যুৎ বিভাগের বিভিন্ন সরঞ্জামের বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তির (এএমসি) বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আওতায় ডিপোতে স্থাপিত লো-ভোল্টেজ ব্যবস্থা, ডিজেল জেনারেটর সেট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা (ইউপিএস), বায়ু চলাচল ব্যবস্থা এবং অন্যান্য সাধারণ বৈদ্যুতিক কাজের বার্ষিক তদারকি করা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের ১১ নভেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৩টার মধ্যে দরপত্রের প্রাথমিক প্রয়োজনীয় নথি কেনার সুযোগ থাকবে।
মেট্রোরেলের নিরাপত্তা সরঞ্জাম সংগ্রহ এবং বিদ্যুৎ ব্যবস্থার রক্ষণাবেক্ষণসংক্রান্ত এ উদ্যোগের মাধ্যমে যাত্রীসেবা ও পরিচালনব্যবস্থা আরও সুরক্ষিত করার লক্ষ্য নিয়েছে ডিএমটিসিএল।