ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের বিষয়ে বিভ্রান্ত করার দায়ে মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি আদালত। কোম্পানিটির বিরুদ্ধে এ যাবৎকালের সবচেয়ে বড় জরিমানার ঘটনা এটি।
স্থানীয় সময় বুধবার (২১ অক্টোবর) নিউ মেক্সিকোর অঙ্গরাজ্য আদালতের বিচারক ফ্রান্সিস ম্যাথিউ এ রায় দেন। খবর আল জাজিরার।
রায়ে বিচারক বলেন, ‘ফেসবুক ব্যবহারকারীদের প্রতিশ্রুতি দিয়েছিল, তারা নিজেদের তথ্যের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন। কিন্তু এ প্রতিশ্রুতি ছিল মিথ্যা।’
গত মাসে একটি জুরি বোর্ডের রায়ে বলা হয়, নিউ মেক্সিকোর ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘনের ৪ কোটি ৩০ লাখের বেশি ঘটনার জন্য মেটা দায়ী। অঙ্গরাজ্যটির অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো কোম্পানির বিরুদ্ধে অঙ্গরাজ্য পর্যায়ে দেওয়া সবচেয়ে বড় জরিমানার রায়গুলোর একটি এটি।
এক সংবাদ সম্মেলনে তোরেজ বলেন, ‘সিলিকন ভ্যালির জন্য এ রায় একটি সংকেত হওয়া উচিত। এটি একটি দ্ব্যর্থহীন বার্তা।’
আদালতে মেটার আইনজীবী ম্যাট নিকোলসন যুক্তি দেন, ৪০ বিলিয়ন ডলারের মতো জরিমানা হবে ‘বিবেককে নাড়া দেওয়ার মতো’। অন্যদিকে নিউ মেক্সিকোর আইনজীবী র্যান্ডি ম্যাকগিন বলেন, ‘যেসব টেক জায়ান্ট নিজেদের আইনের ঊর্ধ্বে মনে করে এবং যা খুশি তা-ই করতে পারে বলে ভাবে, তাদের বিরুদ্ধে দাঁড়ানো জরুরি।’
চলতি মাসের শুরুর দিকে অনুষ্ঠিত শুনানিতে নিকোলসন বলেন, ‘জুরি বোর্ড এমন কোনো সিদ্ধান্ত দেয়নি যে নিউ মেক্সিকোর কোনো বাসিন্দা এসব বক্তব্য শুনেছেন বা দেখেছেন কিংবা এসব বক্তব্যের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন।’
রায়ের পর সাংবাদিকদের তোরেজ জানান, জরিমানার পুরো অর্থ অঙ্গরাজ্যের শিক্ষা খাতের জন্য গঠিত একটি তহবিলে জমা হবে।