অতীতের সম্পর্কের রাগ, ক্ষোভ ও অভিমান ভুলে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে আজ ১৭ অক্টোবর পালিত হচ্ছে ‘ফরগিভ অ্যান এক্স ডে’ বা প্রাক্তনকে ক্ষমা করার দিন। তবে প্রাক্তনকে ক্ষমা করার বিষয়ে যেন একেবারেই নারাজ চিত্রনায়িকা পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর দেওয়া এক পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।
শনিবার প্রাক্তনকে ক্ষমা করার দিন নিয়ে একটি সংবাদ নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন পরীমনি। সঙ্গে রাগের ইমোজি দিয়ে ক্যাপশনে লেখেন, ‘নো নো নো নো নোওওও…।’
পরীমনির এমন প্রতিক্রিয়ায় মজা পেয়েছেন তাঁর অনুরাগীরা। তবে কোন প্রাক্তনকে ক্ষমা করতে চান না, সে বিষয়ে অবশ্য স্পষ্ট করে কিছু জানাননি এই অভিনেত্রী।
পরীমনির ব্যক্তিগত জীবনে প্রেম ও বিয়ের অধ্যায় নিয়ে নানা আলোচনা রয়েছে। তাঁর সাবেক স্বামী অভিনেতা শরীফুল ইসলাম রাজের সঙ্গে দীর্ঘদিন সংসার করেছেন তিনি। তাঁদের ঘরে রয়েছে এক সন্তান।
রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলেকে নিয়ে নতুনভাবে জীবন গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন পরীমনি। পাশাপাশি একটি কন্যাসন্তানও দত্তক নিয়েছেন তিনি। দুই সন্তানকে ঘিরেই এখন তাঁর জীবনের বড় অংশজুড়ে ব্যস্ততা ও আনন্দের সময় কাটছে।
তবে প্রাক্তনকে ক্ষমা করার দিনেও পরীমনির ‘নো নো নো’ মন্তব্যের পেছনে ঠিক কী কারণ, তা নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী।