অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে পদোন্নতি পেয়ে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে (আইসিবি) উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন মোঃ হাসান ইমাম।
আইসিবিতে যোগদানের আগে তিনি বেসিক ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক (জেনারেল ম্যানেজার) ও কোম্পানি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালের জুলাই মাসে বেসিক ব্যাংকে সহকারী ব্যবস্থাপক (সিনিয়র অফিসার) হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। দীর্ঘ কর্মজীবনে ব্যাংকটির বোর্ড ডিভিশনসহ বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন হাসান ইমাম।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৬ সালে এলএলবি (সম্মান) এবং ১৯৯৭ সালে এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগ থেকে ২০১২ সালে এমবিএ সম্পন্ন করেন।
এ ছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) থেকে পেশাগত ডিগ্রি অর্জন করেন তিনি। ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) থেকে ফেলো চার্টার্ড সেক্রেটারি (এফসিএস) উপাধি লাভ করেন হাসান ইমাম। পাশাপাশি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) থেকেও পেশাগত ডিগ্রি অর্জন করেছেন তিনি।