সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় অন্তত ১২ জন নিহত ও ৩০০ জন আহত হয়েছেন বলে অভিযোগ করেছে সৌদি সরকার। এক সপ্তাহের মধ্যে এটি বিমানবন্দরটিতে হুথিদের তৃতীয় হামলা। নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি রয়েছেন।
সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবারের হামলায় নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক এবং দুজন বাংলাদেশি। এ ছাড়া যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক প্রাণ হারিয়েছেন।
গত এক দশকের বেশি সময়ের মধ্যে সৌদি আরবের ভূখণ্ডে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলা। ইয়েমেনে যুদ্ধ ক্রমেই তীব্র হয়ে ওঠার মধ্যেই এ ঘটনা ঘটল। দেশটির নিয়ন্ত্রণ নিয়ে হুথিরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনীর সঙ্গে লড়ছে। ইরানের সমর্থনপুষ্ট এই গোষ্ঠীর বিরুদ্ধে ইয়েমেন সরকারের স্থল অভিযানে সহায়তা দিতে সৌদি আরব বিমান হামলা চালাচ্ছে।