সমন্বিত ডিজিটাল পেমেন্ট সুবিধা সম্প্রসারণ এবং ‘ক্যাশলেস বাংলাদেশ’ গঠনের লক্ষ্যে মেঘনা-পে-এর মাধ্যমে ‘বাংলা কিউআর’ পেমেন্ট সেবা চালু করেছে মেঘনা ব্যাংক পিএলসি।
সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান এ পেমেন্ট সেবার উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ছাদেকুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক মোমতাজুল করিম এন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন এ সেবার মাধ্যমে মেঘনা ব্যাংকের গ্রাহকরা মেঘনা-পে অ্যাপ ব্যবহার করে যেকোনো মার্চেন্টের ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে স্মার্টফোনের মাধ্যমে সরাসরি পণ্য ও সেবার মূল্য পরিশোধ করতে পারবেন।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, এ সেবা চালুর ফলে গ্রাহকদের দৈনন্দিন লেনদেন আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক হবে। একই সঙ্গে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিস্তার এবং নগদবিহীন লেনদেনকে উৎসাহিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।