নতুন বিওয়াইডি গাড়ি কিনতে আগ্রহী গ্রাহকদের ঋণ সুবিধা দিতে সাউথইস্ট ব্যাংক বাংলাদেশে বিওয়াইডির প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান সিজি রানার বিডি লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
চুক্তির আওতায় যোগ্য গ্রাহকরা সাউথইস্ট ব্যাংকের গাড়ি ঋণ সুবিধা পাবেন। পাশাপাশি ঋণ গ্রহণের ক্ষেত্রে থাকছে সহজ ও সুবিধাজনক শর্ত এবং অতিরিক্ত কিছু সুবিধা।
সাউথইস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. সেকান্দার-ই-আজম এবং সিজি রানার বিডির ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের নির্বাহী সহসভাপতি ও লজিস্টিকস অ্যান্ড জেনারেল সার্ভিসেস বিভাগের প্রধান মো. মুসফিকুর রহমান, খুচরা ব্যাংকিং বিভাগের সহসভাপতি মো. আবদুল কাদেরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।