ভারতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের শীর্ষ কূটনীতিককে তলব করেছে নয়াদিল্লি। সীমান্তে অবৈধ অনুপ্রবেশে সহায়তার প্রতিবাদ জানাতে গতকাল শনিবার (৩ সেপ্টেম্বর) ওই কর্মকর্তাকে তলব করা হয়।
পাঞ্জাব সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই অনুপ্রবেশকারী নিহতের ঘটনায় পাকিস্তানে নিযুক্ত ভারতীয় ডি’অ্যাফেয়ার্সকে তলব করেছিল ইসলামাবাদ। তার কয়েক ঘণ্টা পরই এমন পদক্ষেপ নিল নয়াদিল্লি। খবর এনডিটিভির।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশে অব্যাহত সহায়তার বিষয়ে তীব্র প্রতিবাদ জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার পাকিস্তান হাইকমিশনের চার্জ ডি’অ্যাফেয়ার্সকে তলব করেছে। এ ছাড়া গত ২ অক্টোবর পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে ঘটা একটি ঘটনা নিয়ে উত্থাপিত ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগও ভারত দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তানকে আগেই জানানো হয়েছে, তিন ব্যক্তি ভারতের ভূখণ্ডে অনুপ্রবেশ করেছিল এবং বিএসএফের একাধিক সতর্কবার্তা সত্ত্বেও তারা সীমান্তের বেড়ার দিকে এগোতে থাকে। আসন্ন নিরাপত্তা ঝুঁকির কারণে ব্যবস্থা নিতে বাধ্য হয় বিএসএফ। ঘটনাটি পাকিস্তানভিত্তিক সশস্ত্র মাদক পাচারকারী চক্রের সীমান্ত অতিক্রমের স্পষ্ট প্রবণতাকে তুলে ধরেছে। পাকিস্তান সরকারকে এই সীমান্ত অনুপ্রবেশ ও মাদক চোরাচালান কার্যক্রম এবং এতে পাকিস্তান সীমান্তরক্ষী বাহিনীর সংশ্লিষ্টতা তদন্তের এবং যথাযথ প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আন্তর্জাতিক সীমান্তের নিয়ম রক্ষা, দ্বিপক্ষীয় চুক্তি কঠোরভাবে মেনে চলা, নিজ ভূখণ্ড থেকে অননুমোদিত চলাচল রোধে বাহিনীকে কার্যকর নিয়ন্ত্রণ বজায় রাখার নির্দেশ দেওয়া এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সুনির্দিষ্ট পদক্ষেপ নিশ্চিত করতে পাকিস্তানি কূটনীতিককে আহ্বান জানিয়েছে ভারত।
এর আগে সীমান্তে দুইজনকে হত্যার প্রতিবাদ জানাতে ভারতের চার্জ ডি’অ্যাফেয়ার্সকে তলব করে পাকিস্তান। ইসলামাবাদের দাবি, বিএসএফ নিরস্ত্র বেসামরিক নাগরিকদের হত্যা করেছে।