ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনাল লিমিটেডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইসিবির ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ।
এ ছাড়া অনুষ্ঠানে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আইসিবির সাবেক চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকরা ছাড়াও অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। পাশাপাশি আইসিবির তিনটি সহযোগী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও মহাব্যবস্থাপকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সুবর্ণজয়ন্তীর এই আয়োজনকে ঘিরে আইসিবির বর্তমান ও সাবেক কর্মকর্তা এবং দেশের আর্থিক খাতের সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।