দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের উপকণ্ঠে একটি টাউনশিপে বন্দুক হামলায় ১৭ জন নিহত এবং আরও ১৫ জন আহত হওয়ার পর রবিবার (২৭ সেপ্টেম্বর) হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় ওয়েস্ট র্যান্ড জেলার ওয়েডেলা এলাকায় একটি পানশালার (ট্যাভার্ন) বাইরে বসে থাকা লোকজনকে লক্ষ্য করে আটজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি গুলি চালায়। পরে তারা পানশালার ভেতরে ঢুকে সেখানে থাকা লোকজনের ওপরও গুলি চালাতে থাকে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, হামলাকারীদের হাতে পিস্তল ও একে-৪৭ রাইফেল ছিল। গুলিবিদ্ধ ১৫ জনকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
দক্ষিণ আফ্রিকার পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে জানায়, হামলার সময় কয়েকজন লোক পানশালার ভেতরে এবং অন্যরা বাইরে বসে মদ্যপান করছিলেন। এ সময় সন্দেহভাজন হামলাকারীরা সেখানে এসে বাইরে থাকা লোকজনের ওপর গুলি চালায়। পরে তারা পানশালার ভেতরে ঢুকে সেখানে থাকা লোকজনের ওপরও গুলি চালায়।
হামলাকারীরা কয়েকজনের দেহ তল্লাশি করে তাদের মোবাইল ফোন নিয়ে যায় বলেও অভিযোগ রয়েছে। এরপর দুটি অজ্ঞাতনামা গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। হামলাকারীদের ধরতে অভিযান চলছে।
দক্ষিণ আফ্রিকায় এ ধরনের বন্দুক হামলা নতুন নয়। গত সপ্তাহে ডারবানের দক্ষিণে একটি বাড়িতে বন্দুকধারীদের হামলায় ১১ জন নিহত হন। নিহতদের মধ্যে একজনকে অন্তঃসত্ত্বা নারী বলে ধারণা করা হচ্ছে।
এর আগে জুন মাসে জোহানেসবার্গের একটি শহরতলির অনানুষ্ঠানিক বসতিতে বন্দুক হামলায় ১২ জন নিহত হন।