বাংলা ব্যাংক-এর সহযোগিতায় ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বাংলা কিউআর “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর মো: মোস্তাকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ইনচার্জ) ড. জি.এম. মুজিবর রহমান এবং ডাচ্-বাংলা ব্যাংক -এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. এহতেশামুল হক খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেন, বাংলা কিউআর-এর মাধ্যমে দেশের সকল ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং অন্যান্য পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে একটি মাত্র কিউআর কোড ব্যবহার করে নিরাপদ, সহজ ও আন্তঃপরিচালনযোগ্য ডিজিটাল লেনদেন করা সম্ভব। তিনি বলেন, বাংলা কিউআর দেশে ক্যাশলেস গতিশীল অর্থনীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ইনচার্জ) ড. জি.এম. মুজিবর রহমান বাংলা কিউআর সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের জন্য বাংলাদেশ ব্যাংক ও ডাচ্-বাংলা ব্যাংককে ধন্যবাদ জানান। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল পেমেন্ট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে এবং ডিজিটাল আর্থিক সেবার ব্যবহার আরও সম্প্রসারণে সহায়ক হবে।
ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মো. এহতেশামুল হক খান বলেন, ডিজিটাল লেনদেন সময় ও অর্থ উভয়ই সাশ্রয় করে। তিনি বলেন, ডিজিটাল লেনদেনের ব্যাপক প্রসার এবং মানুষের মানসিকতায় ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশ আরও দ্রুত একটি ক্যাশলেস অর্থনীতির দিকে এগিয়ে যাবে।
অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিদের বাংলা কিউআরের ব্যবহার, সুবিধা ও আন্তঃপরিচালনযোগ্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্পর্কে অবহিত করা হয়।