জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর সার্বিক কল্যাণ এবং আহতদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশকে ফ্যাসিবাদমুক্ত করার সংগ্রামে যারা জীবন দিয়েছেন ও আহত হয়েছেন, জাতি তাদের আত্মত্যাগ কখনো ভুলবে না।
রোববার (২০ সেপ্টেম্বর) বঙ্গভবনে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রেসিডেন্ট এ আশ্বাস দেন। সাক্ষাৎকালে মুগ্ধর পিতা মীর মোস্তাফিজুর রহমান, ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এবং পরিবারের সদস্য মাহফুজা জাফরিন আরিবা উপস্থিত ছিলেন। এ সময় প্রেসিডেন্ট পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
সাক্ষাৎকালে মুগ্ধর পরিবারের সদস্যরা জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের কল্যাণ, পুনর্বাসন এবং আহতদের চিকিৎসায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রেসিডেন্টকে অবহিত করেন। একই সঙ্গে শহীদ ও আহতদের পরিবারের কল্যাণে সরকারের গৃহীত কার্যক্রমগুলো যথাযথভাবে বাস্তবায়নের অনুরোধ জানান তারা।
এ সময় পরিবারের সদস্যরা গেজেট প্রজ্ঞাপনে প্রকাশিত ৮৪৫ জন জুলাই শহীদের নামসংবলিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের একটি রেপ্লিকা প্রেসিডেন্টকে উপহার দেন।
প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, দেশকে ফ্যাসিবাদমুক্ত করার সংগ্রামে যারা জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন, জাতি তাদের আত্মত্যাগ কখনো ভুলবে না।
প্রেসিডেন্ট শহীদদের আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করেন। সাক্ষাৎকালে বঙ্গভবনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন