ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একই গ্রামের তিন বন্ধু নিহত হয়েছেন। অজ্ঞাত একটি যানবাহনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তাদেরও মৃত্যু হয়।
শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসানহাটি গ্রামের দলিল উদ্দিন মোল্লার ছেলে চয়ন মোল্লা (২৩), একই গ্রামের আজগর শেখের ছেলে সজীব ওরফে সিয়াম (২২) এবং এনায়েত মোল্লার ছেলে নয়ন মোল্লা (২১)।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বন্ধু নগরকান্দা থেকে ভাঙ্গা গোলচত্বরে ঘুরতে আসেন। ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে নওপাড়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন তারা।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. সোহেল খান জানান, ভাঙ্গা গোলচত্বর ঘুরে একটি মোটরসাইকেলে করে নগরকান্দায় বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন তিন বন্ধু। পথে নওপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি যানবাহনের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই একজন নিহত এবং অপর দুইজন আহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চয়ন মোল্লাকে (২৩) মৃত ঘোষণা করেন।