দেশের ঘরোয়া ক্রিকেটকে ঢেলে সাজানো এবং সার্বিক উন্নয়নে অব্যাহত পৃষ্ঠপোষকতা নিশ্চিত করার লক্ষ্যে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের কর্পোরেট অফিস পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।
গেল ২৫ আগস্ট (মঙ্গলবার) দুপুরে বিসিবি সভাপতির নেতৃত্বে ৬ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন কর্পোরেট অফিসে আগমন করে। প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে ছিলেন বিসিবি সহ-সভাপতি ফাহিম সিনহা, প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দিন চৌধুরী, মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল বিভাগের চেয়ারম্যান মাসুদুজ্জামান এবং ভাইস-চেয়ারম্যান আসিফ রব্বানী। পরিদর্শনকালে অতিথিরা ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলমসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
কর্পোরেট অফিস পরিদর্শন শেষে বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, ওয়ালটন দেশের ইলেকট্রনিক্স খাতের শীর্ষ প্রতিষ্ঠান এবং দীর্ঘদিন ধরে ক্রীড়াঙ্গনে তাদের পৃষ্ঠপোষকতা প্রশংসনীয়। বিসিবি বর্তমানে বিসিএল এবং এনসিএল-কে বিপিএলের আদলে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে রূপান্তর করার পরিকল্পনা করছে। এই উদ্যোগে ওয়ালটনকে একটি দল হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার পাশাপাশি দেশের ক্রিকেটের মানোন্নয়নে তাদের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
বিসিবি সভাপতির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ওয়ালটন হাই-টেকের ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম জানান, ওয়ালটন সবসময়ই ক্রিকেটের অগ্রযাত্রায় পাশে ছিল এবং ভবিষ্যতেও দেশের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে পৃষ্ঠপোষকতার এই ধারা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ওয়ালটন গত এক দশকেরও বেশি সময় ধরে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিএপিএল), এনসিএল এবং বিসিএলের (সেন্ট্রাল জোন ফ্র্যাঞ্চাইজি) মতো দেশের শীর্ষস্থানীয় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টগুলোতে ধারাবাহিকভাবে পৃষ্ঠপোষকতা প্রদান করে আসছে।