রুটিন প্রশিক্ষণ চলার সময় হঠাৎ বড় বিপত্তিতে পড়েছে মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার। অনাকাঙ্ক্ষিতভাবে আকাশ থেকে এটি একটি পাহাড়ি জঙ্গলের ভেতর অবতরণ করতে বাধ্য হয়। তবে হেলিকপ্টারটিতে থাকা চার আরোহীর সবাই সম্পূর্ণ অক্ষত আছেন।যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (২৫ আগস্ট) কলোরাডোর ডেনভারের পশ্চিম দিকের একটি পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। মার্কিন সেনাবাহিনীর এমএইচ-৬০ ব্ল্যাক হক মডেলের হেলিকপ্টারটি ১৬০তম স্পেশাল অপারেশন্স এভিয়েশন রেজিমেন্টের অংশ। রুটিন প্রশিক্ষণ চলার সময় গোল্ডেন গেট ক্যানিয়ন স্টেট পার্কের উত্তরের জঙ্গলে এটি হঠাৎ নেমে আসে।
সেনাবাহিনীর একজন মুখপাত্র এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। কেন এ ঘটনা ঘটল তা জানতে এরই মধ্যে একটি তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা জানায়, কর্মীদের নিরাপত্তার বিষয়টিকে সব সময় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। তদন্ত চলমান থাকায় এখনই এর বেশি কোনো তথ্য প্রকাশ করতে রাজি হয়নি কর্তৃপক্ষ।