পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিথুন নিটিং অ্যান্ড ডাইংয়ের কারখানা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। তারপরেও কোম্পানিটির শেয়ার দর লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তবে কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পাানি। গত তিন কর্মদিবসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২ শতাংশ।
মিথুন নিটিংয়ের অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির কারণ জানতে ডিএসই ১৭ আগস্ট চিঠি পাঠায়। এর জাবাবে কোম্পানিটি জানায় শেয়ার দর বৃদ্ধির পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি জানায়, কোম্পানির জানা মতে এমন কোনো অপ্রকাশিত মূল্য-সংবেদনশীল তথ্য বা গুরুত্বপূর্ণ ঘটনা নেই, যা শেয়ারের দর ও লেনদেনের পরিমাণের এই অস্বাভাবিক পরিবর্তনের কারণ হতে পারে।
ডিএসইর তথ্য মতে, গত ১৩ আগস্ট থেকে ১৬ আগস্ট পরযন্ত মিথুন নিটিংয়ের দর ধারাবাহিকভাবে বাড়ছে। এই সময়ে কোম্পানিটির শেয়ার দর ১৩ টাকা ৭০ পয়সা থেকে ১৬ টাকা ৪০ পয়সা পরযন্ত বৃদ্ধি পেয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির দর ২০ শতাংশ বেড়েছে। দীর্ঘদিন বন্ধ কোম্পানির দর বৃদ্ধির কারণ জানতে ডিএসই কোম্পানিটিকে চিঠি পাঠায়।
ডিএসইর চিঠির জবাবে কোম্পানি আরও জানায়, কোম্পানির কারখানাটি দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে এবং এর ফলে এর ব্যবসায়িক ও পরিচালন কার্যক্রম সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়েছে। ইতিপূর্বে, বিদ্যমান স্পন্সর/পরিচালকরা সম্ভাব্য নতুন বিনিয়োগকারীদের কাছে তাদের শেয়ার হস্তান্তরের বিষয়টি বিবেচনা করেছিলেন। তবে, ব্যাংকের বকেয়া দায় ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় অমীমাংসিত থাকায় প্রস্তাবিত শেয়ার হস্তান্তর প্রক্রিয়াটি সম্পন্ন করা সম্ভব হয়নি। পরবর্তীতে, কোম্পানিটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (BSEC) কাছে একটি পত্রের (স্মারক নং: MKDL/BSEC/SRIC/2025-4391; তারিখ: ০১/০৯/২০২৫) মাধ্যমে সংশ্লিষ্ট শেয়ার হস্তান্তর আবেদনটি স্থগিত রাখার জন্য অনুরোধ জানায়।
বর্তমানে, কোনো স্পন্সর বা পরিচালকের শেয়ার হস্তান্তরের বিষয়ে কোম্পানির কোনো চলমান বা অনুমোদিত পরিকল্পনা নেই। এছাড়া, এমন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, করপোরেট কার্যক্রম বা অপ্রকাশিত মূল্য-সংবেদনশীল তথ্যও নেই যা কোম্পানির শেয়ারের দর ও লেনদেনের পরিমাণে অস্বাভাবিক বৃদ্ধির যৌক্তিক কারণ হতে পারে।অতএব, কোম্পানির শেয়ারের দর ও লেনদেনের পরিমাণে সাম্প্রতিক অস্বাভাবিক ওঠানামার বিষয়ে প্রকাশযোগ্য কোনো অপ্রকাশিত গুরুত্বপূর্ণ তথ্য বা মূল্য-সংবেদনশীল তথ্য কোম্পানির কাছে নেই বলে কোম্পানিটি নিশ্চিত করেছে।
বিজনেস আই/