বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) দেশের সব জীবন বিমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাদের (সিইও) শিক্ষাগত যোগ্যতা, পেশাগত তথ্য এবং নিয়োগের বৈধতা যাচাইয়ের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সিইওদের প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
আইডিআরএর নির্দেশনা অনুযায়ী, জীবন বিমা প্রতিষ্ঠানের সিইওদের হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি), শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও নম্বরপত্র এবং সিইও পদে নিয়োগের অনুমোদনসংক্রান্ত প্রমাণক জমা দিতে হবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) আইডিআরএর পরিচালক (লাইফ) ও উপসচিব দেবপ্রসাদ পাল স্বাক্ষরিত এক জরুরি চিঠিতে দেশের সব লাইফ বিমা প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকদের এ নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি জীবন বিমা কোম্পানির সিইওর হালনাগাদ সিভি, সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগের জন্য কর্তৃপক্ষের দেওয়া অনুমোদনের যাবতীয় প্রমাণ জমা দিতে হবে। এসব নথি আগামী তিন কার্যদিবসের মধ্যে আইডিআরএতে পাঠাতে বলা হয়েছে।
শুধু কাগজপত্র জমা দেওয়াই নয়, নির্ধারিত একটি গুগল ফরমের মাধ্যমে সিইওদের প্রয়োজনীয় তথ্যও হালনাগাদ করতে বলা হয়েছে। এর মাধ্যমে জীবন বিমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহীদের তথ্য নিয়ে একটি ডিজিটাল ডাটাবেজ তৈরির উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।
বিমা খাতসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সিইওদের শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা এবং নিয়োগ অনুমোদনের তথ্য যাচাইয়ের অংশ হিসেবেই আইডিআরএর এ উদ্যোগ। বিশেষ করে মুখ্য নির্বাহী পদে নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত যথাযথভাবে পূরণ করা হয়েছে কি না, তা যাচাই করা হবে।