বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর কর্মকর্তাদের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ট্রেনিং একাডেমির উদ্যোগে তিন দিনব্যাপী “Basic Orientation of Securities Market Operations” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১০ থেকে ১২ আগস্ট ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় বিএসইসির সহকারী পরিচালক/সমমান এবং ব্যক্তিগত কর্মকর্তা/সমমান পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসইসির অতিরিক্ত পরিচালক মোঃ হোসেন খান, ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও মহাব্যবস্থাপক মোহাম্মদ শফিকুল ইসলাম ভূইয়াঁ, এফসিএস, এবং সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ আহসান হাবিব।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও মহাব্যবস্থাপক মোহাম্মদ শফিকুল ইসলাম ভূইয়াঁ, এফসিএস বলেন, বিএসইসির এ উদ্যোগ পুঁজিবাজারের জন্য একটি ইতিবাচক ও ফলপ্রসূ পদক্ষেপ। এ প্রশিক্ষণের মাধ্যমে কমিশন ও স্টক এক্সচেঞ্জের কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক কর্ম অভিজ্ঞতা বিনিময় আরও সহজতর হবে।
তিনি বলেন, পুঁজিবাজারের সুষ্ঠু পরিচালনা, কমপ্লায়েন্স, করপোরেট গভর্ন্যান্স ও বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে উভয় প্রতিষ্ঠানের কার্যকর সমন্বয় জরুরি। তিনি আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বাজার উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করবে।
অনুষ্ঠানে বিএসইসি’র অতিরিক্ত পরিচালক মোঃ হোসেন খান বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে পুঁজিবাজারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটি কার্যকর পুঁজিবাজারের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধি জরুরি। এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা পুঁজিবাজারের কার্যক্রম, ট্রেডিং ও সেটেলমেন্ট, বিনিয়োগকারী সুরক্ষা, সার্ভেইলেন্স এবং প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বাস্তব ধারণা অর্জন করবেন।
তিনি আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করবে।
পরে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের বাংলাদেশের পুঁজিবাজারের কার্যক্রম, বাজার কাঠামো, ট্রেডিং, সার্ভেইলেন্স, Listing, Surveillance, Corporate Governance, Monitoring, Market Operations, TREC Affairs ও ICT Division-সহ ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মৌলিক ও ব্যবহারিক ধারণা প্রদান করা হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিএসইসি ও ডিএসইর মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার হবে।
অনুষ্ঠানের সমাপনী দিনে ডিএসইর প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. আসিফুর রহমান বলেন, বিএসইসির এ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। এর মাধ্যমে কমিশন ও স্টক এক্সচেঞ্জের কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক পরিচিতি, অভিজ্ঞতা বিনিময় এবং কার্যক্রম ও বাস্তব চ্যালেঞ্জ সম্পর্কে বোঝাপড়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, উভয় প্রতিষ্ঠানের অভিন্ন লক্ষ্য একটি কার্যকর, স্বচ্ছ ও সুশৃঙ্খল পুঁজিবাজার গড়ে তোলা। তাই পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে একটি উন্নত, কার্যকর ও আস্থাশীল পুঁজিবাজার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।