প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য উপযুক্ত পরিবেশ তৈরির তাগিদ দিয়েছে বাংলাদেশ সরকার। রবিবার (১৬ আগস্ট) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এ তাগিদ দেওয়া হয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি উইংয়ের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিব এ কে এম শহীদুল করিম এ ব্রিফিং করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এ সফরের প্রস্তুতির জন্য দুই দেশের কর্মকর্তারা কয়েক সপ্তাহ ধরে কাজ করছিলেন। কিন্তু নয়াদিল্লিতে গত ৫ আগস্ট গণমাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালতে দন্ডপ্রাপ্ত শেখ হাসিনার দেওয়া বক্তব্যের মাধ্যমে সফরের প্রস্তুতির প্রক্রিয়া কলুষিত করা হয়েছে। বাংলাদেশ সরকার মনে করে, প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য অনুকূল পরিবেশ নেই।
ঢাকায় আন্তর্জাতিক অপরাধ আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ কয়েকজনকে ২০২৪ সালে গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করে মৃত্যুদন্ড দিয়েছে।
অতিরিক্ত সচিব বলেন, বাংলাদেশ সরকার মনে করে প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য উপযুক্ত পরিবেশ তৈরির প্রয়োজন রয়েছে।
শহীদুল করিম তার বক্তব্যে শেখ হাসিনা এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদীর খুনে অভিযুক্তসহ ভারতে পলাতক থাকা ব্যক্তিদের দ্রুত বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে প্রত্যর্পণের জন্য সরকারের অনুরোধের পুনরায় উল্লেখ করেন।