সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। মঙ্গলবার (১১ আগস্ট) তাদের এই সাজা দেয় আদালত। খবর সিএনএন-এর।
সিরিয়ায় ১৪ বছর ধরে চলা সংঘাতে প্রায় পাঁচ লাখ মানুষ নিহত হওয়ার ঘটনায় এই মামলা করা হয়েছিল। একই মামলায় দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের সাবেক রাজনৈতিক নিরাপত্তা প্রধান আতেফ নাজিবকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ২০১১ সালে দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশে সরকারবিরোধী বিক্ষোভ দমনে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ওই দমন-পীড়ন থেকেই পরবর্তী সময়ে দেশটিতে ব্যাপক বিদ্রোহ ও গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার আদালতে কঠোর নিরাপত্তার মধ্যে আতেফ নাজিবকে হাজির করা হয়। এ সময় কারাবন্দিদের পোশাক পরা নাজিবকে একটি খাঁচার ভেতরে রাখা হয়। বিচারক তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় পড়ে শোনান।
২০১৪ সালের ডিসেম্বরে বিদ্রোহীরা দামেস্কে প্রবেশ করার পর বাশার আল-আসাদ ও তার ভাই মাহের সিরিয়া ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান। এরপর থেকেই তারা রাশিয়ায় অবস্থান করছেন।
অন্যদিকে, পরে আতেফ নাজিবকে গ্রেফতার করা হয়। বাশার সরকারের সাবেক কর্মকর্তাদের মধ্যে তিনি অন্যতম উচ্চপদস্থ ব্যক্তি, যিনি বিচারের মুখোমুখি হয়েছেন।
আতেফ নাজিব সিরিয়ার সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল। ২০১১ সালে বাশার আল-আসাদের শাসনামলে তিনি দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের রাজনৈতিক নিরাপত্তা শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় সরকারবিরোধী আন্দোলন দমনে তার ভূমিকা নিয়ে ব্যাপক অভিযোগ ওঠে।