ভারতের হিমাচল প্রদেশের চম্বা জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বেসরকারি বাস নিচের সড়কে পড়ে আটজন নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) সকালে বৈরাগড়-তিসা সড়কের দেবিকোঠি এলাকার চালুঞ্জ মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। এতে আরও ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শর্মা বাস সার্ভিসের বাসটি বৈরাগড় থেকে চম্বার উদ্দেশে যাচ্ছিল। সকাল সাড়ে ৬টার দিকে বৈরাগড় থেকে যাত্রা শুরুর প্রায় তিন কিলোমিটার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিচের একটি সড়কে পড়ে যায়।
.
দুর্ঘটনার সময় বাসটিতে চালক ও কন্ডাক্টরসহ মোট ১৮ জন ছিলেন। বাসটি উল্টে পড়ার পর কয়েকজন যাত্রী ভেতরে আটকা পড়েন। দুর্ঘটনার শব্দ ও আটকা পড়া যাত্রীদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন এবং পুলিশকে খবর দেন।
পরে পুলিশ, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ), হোম গার্ড, ফায়ার সার্ভিস ও রাজস্ব বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করে আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
চম্বা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় চালক ও কন্ডাক্টরসহ আটজন নিহত হয়েছেন। আহত ১০ জনের মধ্যে ছয়জনকে গুরুতর অবস্থায় চম্বার পণ্ডিত জওহরলাল নেহরু সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। তথ্যসূত্র: এনডিটিভি