বহুল আলোচিত জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বুধবার (৫ আগস্ট) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে ও বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) সহযোগিতায় হবে এই কনসার্ট।
কনসার্ট ফর ডেমোক্রেসিতে পারফর্ম করবে সাতটি ব্যান্ড—মাইলস, ওয়ারফেজ, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে, ‘এসেইস’ এবং রে রে। বেলা ৩টায় শুরু হবে কনসার্ট, চলবে রাত ৯টা পর্যন্ত। দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ১টায়। সংগীতপ্রেমীদের জন্য আয়োজনটি উন্মুক্ত রাখা হয়েছে।
এ বিষয়ে বামবার সভাপতি হামিন আহমেদ বলেন, জুলাই আন্দোলনে সংগীত বড় ভূমিকা রেখেছিল। তাই সংগীতের মাধ্যমেই আমরা দিনটি পালন করবো। বামবার সহযোগিতায় ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’র আয়োজন করা হচ্ছে। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যেন দিনটা ঠিকমতো পালন করতে পারি, এটাই প্রত্যাশা।