সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডসে এবার সরাসরি ডাইরেক্ট মেসেজ বা ডিএম কথা বলা যাবে মেটা এআইয়ের সঙ্গে। সোমবার মেটা জানিয়েছে, তারা থ্রেডস ব্যবহারকারীদের জন্য এআই চ্যাটবট সুবিধা চালু করছে। এর ফলে ব্যবহারকারীরা এখন ব্যক্তিগতভাবে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারীর সঙ্গে প্রশ্ন, আলোচনা ও তথ্য আদান-প্রদান করতে পারবেন।
এর আগে নির্দিষ্ট কয়েকটি দেশের থ্রেডস ব্যবহারকারীরা পাবলিক পোস্টের মাধ্যমে মেটা এআইয়ের সঙ্গে যোগাযোগের সুযোগ পেতেন। তবে নতুন আপডেটের মাধ্যমে সেই সুবিধা আরও ব্যক্তিগত পর্যায়ে নিয়ে আসা হয়েছে। এখন ব্যবহারকারীরা নিজেদের ডিএম থেকে সরাসরি মেটা এআইয়ের সঙ্গে কথোপকথন চালাতে পারবেন।
মেটার এই উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো ব্যবহারকারীদের নিজস্ব প্ল্যাটফর্মের ভেতরেই আরও বেশি সময় ধরে রাখা। প্রতিষ্ঠানটি চায়, তথ্য খোঁজা বা বিভিন্ন পরামর্শের জন্য ব্যবহারকারীরা যেন অন্য এআই সেবা যেমন ওপেনএআইয়ের চ্যাটজিপিটি বা গুগলের (জেমিনি এর পরিবর্তে মেটা এআই ব্যবহার করেন।
এর আগে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের ডিএম সেবায় মেটা এআই যুক্ত করা হয়েছিল। থ্রেডসে এই নতুন সংযোজন সেই ধারাবাহিকতারই অংশ।
নতুন সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা থ্রেডসের পোস্ট, ছবি, লিংক এবং ভিডিও সরাসরি মেটা এআইয়ের সঙ্গে শেয়ার করতে পারবেন। এরপর ওই বিষয় নিয়ে অতিরিক্ত প্রশ্ন করা, বিস্তারিত তথ্য জানা বা কোনো বিষয় নিয়ে আরও গভীর আলোচনা করার সুযোগ থাকবে।.
মেটা জানিয়েছে, সোমবার থেকেই বিশ্বব্যাপী ধাপে ধাপে এই সুবিধা চালু করা হচ্ছে। তবে থ্রেডসের পাবলিক ফিডে মেটা এআইয়ের ব্যবহার এখনো সীমিত কিছু দেশে পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। ব্যবহারকারীদের মতামত পর্যালোচনা করে ভবিষ্যতে এটি আরও বিস্তৃত করা হবে।
যেসব ব্যবহারকারী তাদের ফিডে মেটা এআইয়ের উপস্থিতি কম দেখতে চান, তারা @meta.ai অ্যাকাউন্ট মিউট করতে পারবেন। এছাড়া কোনো মেটা এআই পোস্টে “নট ইন্টারেস্টেড” (Not interested) অপশন ব্যবহার করা বা নিজেদের পোস্টে আসা মেটা এআইয়ের উত্তর লুকিয়ে রাখার সুবিধাও থাকবে।
বিশেষজ্ঞদের মতে, থ্রেডসে মেটা এআইয়ের এই সংযুক্তির মাধ্যমে মেটা তাদের প্ল্যাটফর্মকে শুধু সামাজিক যোগাযোগের জায়গা নয়, বরং তথ্য, পরামর্শ ও ডিজিটাল সহায়তা পাওয়ার একটি পূর্ণাঙ্গ প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাইছে। এক্ষেত্রে থ্রেডসকে মেটা তার প্রতিদ্বন্দ্বী এক্স (X)-এর সঙ্গে প্রতিযোগিতায় আরও শক্তিশালী অবস্থানে নিতে চায়।