সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আবেদুর রহমান সিকদার।
বৃহস্পতিবার (১৬ জুলাই) তিনি ব্যাংকটির শীর্ষ পদে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। ব্যাংক সংশ্লিষ্ট কর্মকর্তারা তার যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৯ জুন বাংলাদেশ ব্যাংক ডাচ্-বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আবেদুর রহমান সিকদারকে সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি পদে নিয়োগের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দেয়। তার আগে ২৩ জুন ব্যাংকটির পরিচালনা পর্ষদ তার নিয়োগের প্রস্তাব অনুমোদন করে।
দীর্ঘদিন পূর্ণকালীন এমডি না থাকায় সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রমে ধীরগতি ছিল। নতুন এমডির যোগদানের ফলে পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের সম্পদ, দায়, জনবল ও প্রযুক্তিগত ব্যবস্থা একীভূত করার কার্যক্রমে গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
একীভূত হওয়া ব্যাংকগুলো হলো—এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।
ব্যাংক সংশ্লিষ্টরা জানান, নতুন এমডির দায়িত্বের মধ্যে থাকবে পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়ন, সাংগঠনিক কাঠামো চূড়ান্ত করা, তারল্য ব্যবস্থাপনা এবং আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়া।
আর্থিক সংকটে থাকা পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংককে ‘ব্যাংক রেজল্যুশন স্কিম, ২০২৫’-এর আওতায় এনে সরকার ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করে। ৩৫ হাজার কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে যাত্রা শুরু করা ব্যাংকটিতে সরকারের অংশীদারিত্ব ২০ হাজার কোটি টাকা। বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের জমার বিপরীতে শেয়ারে রূপান্তর করা হয়েছে।
গত বছরের ৩০ নভেম্বর ব্যাংকটিকে কার্যক্রম পরিচালনার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বর্তমানে আমানত সুরক্ষা আইন, ২০২৬-এর আওতায় এসব ব্যাংকের গ্রাহকদের প্রাথমিকভাবে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত পরিশোধের কার্যক্রম চলছে।