টানা ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা আশ্রয়শিবিরে পৃথক তিনটি পাহাড়ধসে আট রোহিঙ্গাসহ ৯ জনের মৃত্যু হয়েছে।
রবিবার (৫ জুন) রাত ১টা ১০মিনিটের দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৫নং জামতলী ক্যাম্পের ডি/৬ ব্লকে আশ্রিত রোহিঙ্গা মোহাম্মদ কামাল হোসাইন বসতঘরের ওপর পাহাড়ের মাটি এসে পড়ে। এ ঘটনায় কামাল হোসাইন ও তার স্ত্রী হুমায়রা বেগম এবং ছেলে মোহাম্মদ আনাসের মৃতদেহ উদ্ধার করা হয়।
অন্যদিকে ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ি ঢলের চাপায় একরাম নামে এক শিশুর মৃত্যু হয়।
সর্বশেষ রাত ৩টার দিকে বালুখালী ১১নং রোহিঙ্গা ক্যাম্পের সি ১১ ব্লকে পাহাড়ধসে নারী ও শিশুসহ চারজনের মৃত্যু হয়। নিহতরা হলেন- উম্মে হাবিবা, তানজিনা আক্তার, মোহাম্মদ রিহান ও হারুনুর রশিদ।
এদিকে কক্সবাজার শহরের ১২নং ওয়ার্ডের ছাত্তার ঘোনা এলাকায় পাহাড়ধসে আলী আকবর নামে একজন মারা যান।
সোমবার (৬ জুলাই) ভোররাত ৪টার কিছু সময় পর ছাত্তার ঘোনায় পাহাড়ধসের ঘটনা ঘটে। এ সময় পাহাড়ে চাপা পড়ে একই পরিবারের ৩ জন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে। পরে আলী আকবরকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আবহাওয়া অধিদপ্তরের কক্সবাজারের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানান, বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে এবং আরও দুইদিন ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে।