বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ বসনিয়া ও হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে ২৪ বছর খরা ঘুচাল যুক্তরাষ্ট্র। ২০০২ সালের পর এই প্রথম বিশ্বকাপের নকআউট ম্যাচ জিতল মার্কিনরা।
ম্যাচের প্রথমার্ধে ফোলারিন বালোগুনের গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। তবে দ্বিতীয়ার্ধে তারিক মুহারেমোভিচের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বালোগুন। ম্যাচের বাকি প্রায় ২৬ মিনিট ১০ জন নিয়ে খেলতে হয় স্বাগতিকদের।
একজন বেশি খেলোয়াড় নিয়ে দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝড় তোলে বসনিয়া। একের পর এক পরিবর্তন এনে তারা সমতায় ফেরার সর্বোচ্চ চেষ্টা চালায়। কিন্তু যুক্তরাষ্ট্রের রক্ষণভাগ ছিল দুর্ভেদ্য। বহু সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি বসনিয়ানরা।
ম্যাচের ৮২ মিনিটে দুর্দান্ত এক বাঁকানো ফ্রি-কিকে ব্যবধান দ্বিগুণ করেন মালিক টিলম্যান। তার সেই অনবদ্য গোলেই জয় নিশ্চিত হয় যুক্তরাষ্ট্রের। এরআগে অবশ্য আরেকবার যুক্তরাষ্ট্র বল জালে জড়িয়েছিল, সেবার অফসাইডের বাশি বাজায় রেফারি।
এই জয়ে শেষ ষোলোতে উঠে এসেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। আগামী সোমবার সিয়াটলে রাউন্ড অব ১৬-এ তাদের প্রতিপক্ষ হবে বেলজিয়াম। তবে সেই ম্যাচে লাল কার্ডের কারণে খেলতে পারবেন না বালোগুন
৭৯ মিনিট বসনিয়া ও হার্জেগোভিনার জালে বল জড়ালেও উদযাপন করা হয়নি যুক্তরাষ্ট্রের। তবে অফসাইডের সেই দুঃখ বেশি সময় থাকেনি স্বাগতিকদের। তিন মিনিট পরই দুর্দান্ত এক ফ্রি-কিকে স্কোরলাইন দ্বিগুণ করেছে যুক্তরাষ্ট্র।
ম্যাচের ৮২ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া ফ্রি-কিকে নিখুঁতভাবে জালে পাঠান মালিক টিলম্যান। বলটি ক্রসবারের নিচ দিয়ে জালে জড়িয়ে পড়ে। বসনিয়ার গোলরক্ষক বল ছুঁতে পারলেও সেটি ঠেকানোর কোনো সুযোগ ছিল না।
টিলম্যানের চোখধাঁধানো এই গোলে ম্যাচে ২-০ ব্যবধানে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র।