জামালপুরে জানালার গ্রিল কেটে বিচারক দম্পতির ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জুন) রাতে পৌর শহরের আমলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দম্পতি হলেন- জামালপুর আদালতের সিভিল জজ (মেলান্দহ) আহমাদুল কবির সাকিল ও দেওয়ানগঞ্জের সিভিল জজ নুসরাত জেরিন জেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর পৌর শহরের আমলাপাড়া এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের তিন তলা বাসার তৃতীয় তলায় গত সাত মাস ধরে ভাড়া থাকেন সিভিল জজ আহমাদুল কবির সাকিল ও তার স্ত্রী সিভিল জজ নুসরাত জেরিন জেনি। মঙ্গলবার বিকালে তারা বাসা থেকে বের হন। বাসায় কেউ না থাকার সুযোগে জানালার গ্রিল কেটে হীরার আংটি, ৮ ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকাসহ মূল্যবান জিনিস চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
আহমাদুল কবির সাকিল বলেন, রাত ৮টার দিকে বাসায় ফিরে বাইরে থেকে দরজার তালা খোলার চেষ্টা করি। কিন্তু তালা না খোলায় তালা নষ্ট হয়েছে ভেবে মিস্ত্রি ডেকে খোলার চেষ্টা করি। কিন্তু তালা নষ্ট না থাকায় এবং দরজা খুলতে না পারায় সন্দেহ হয় ভেতর থেকে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ভেতর থেকে দরজা আটকে রেখেছে। এক পর্যায়ে রাত ৯টার পর দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করি। এ সময় জানালার গ্রিল কাটা এবং ঘরের সব আসবাবপত্র খোলা, অন্য জিনিসপত্র ছড়ানো-ছিটানো ও এলোমেলো অবস্থায় ছিল।
বাড়ির মালিক আনোয়ার হোসেন জানান, তিন তলা বাড়িতে ৫টি ইউনিট রয়েছে। এই বাসায় প্রথম চুরির ঘটনা ঘটলো। বাসায় সিসিটিভি ক্যামেরা থাকলেও এখন তা কাজ করছে না। সম্ভবত দুর্বৃত্তরা সিসিটিভি ক্যামেরা বিকল করে পরিকল্পিতভাবে চুরি করেছে।
জামালপুর সদর থানার ওসি (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, বিচারক দম্পতির তৃতীয় তলার ভাড়া বাসায় গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। তদন্ত চলছে, লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।