পুঁজিবাজারে উন্নয়ন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে গ্রহণ করা পদক্ষেপসমূহ বিনিয়োগকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)। এই বাজেটকে সময়োপযোগী ও বাস্তবমুখী আখ্যা দিয়ে সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে সংগঠনটি।
বুধবার বিএমবিএ’র সেক্রেটারি জেনারেল সুমিত পোদ্দার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের এই দূরদর্শী উদ্যোগসমূহ শেয়ারবাজারে নতুন বিনিয়োগ আকৃষ্ট করবে, বাজারের গভীরতা ও স্থিতিশীলতা বৃদ্ধি করবে এবং দেশের সামগ্রিক দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক অবদান রাখবে।
বাজেটে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্প্রসারিত কর সুবিধা, জিরো-কুপন বন্ডে প্রদত্ত কর সুবিধা, লভ্যাংশ সুবিধা, ব্যাংকিং খাতে প্রণোদনামূলক ব্যবস্থা এবং মিউচুয়াল ফান্ডের কর কাঠামোর যৌক্তিক সমন্বয় করা হয়েছে। এই সকল ইতিবাচক পদক্ষেপের জন্য বিএমবিএ সরকার ও সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
বিএমবিএ আরও জানায়, ভবিষ্যতেও শেয়ারবাজারের আধুনিকায়ন, একটি টেকসই ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং সরকারের সংস্কারমূলক উদ্যোগসমূহ বাস্তবায়নে তারা সকল অংশীজনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।