ব্যক্তি এজেন্সি কার্যক্রম স্থগিত থাকার পরও বিভিন্ন খাতে কমিশন দেওয়ার অভিযোগের তদন্তে পুজিবাজারে তালিকাভুক্ত ৯টি বিমা প্রতিষ্ঠানে পরিদর্শন কার্যক্রম শুরু করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। অভিযোগের সত্যতা যাচাই এবং নিয়ন্ত্রক নির্দেশনার বাস্তবায়ন পর্যবেক্ষণের উদ্দেশ্যে তিনটি পৃথক পরিদর্শন কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) আইডিআরএ এ সংক্রান্ত তথ্য প্রকাশ করে।
পরিদর্শনের আওতায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো— প্রভাতি ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স এবং প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স।
জানা গেছে, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে এবং নন-লাইফ বিমা কোম্পানিগুলোর সম্মতির ভিত্তিতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে নন-লাইফ বিমা খাতে ব্যক্তি এজেন্সি কার্যক্রম স্থগিত করা হয়।
কিন্তু সিদ্ধান্তটি কার্যকর হওয়ার পরও কিছু বিমা কোম্পানি ব্যবসা সংগ্রহের লক্ষ্যে বেতন-ভাতা, ‘নো ক্লেইম বোনাস’সহ বিভিন্ন খাতে কমিশন প্রদান অব্যাহত রেখেছে বলে অভিযোগ ওঠে।
খাতসংশ্লিষ্টদের মতে, এ ধরনের কর্মকাণ্ড বিমা শিল্পে অসুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি করছে এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা বাস্তবায়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বাজারে শৃঙ্খলা ও সমতা বজায় রাখতে তাই নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ প্রয়োজন হয়ে পড়ে।
এ পরিস্থিতিতে গত ৪ জুন জারি করা এক চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট বিমা প্রতিষ্ঠানগুলোতে পরিদর্শন পরিচালনার জন্য তিনটি পৃথক টিম গঠনের নির্দেশ দেয় আইডিআরএ।
আইডিআরএ জানিয়েছে, পরিদর্শন শেষে প্রস্তুত করা প্রতিবেদন কর্তৃপক্ষের গঠিত ভিজিল্যান্স টিমের কাছে জমা দেওয়া হবে। তদন্তে কোনো ধরনের অনিয়ম, বিধি লঙ্ঘন বা নিয়ন্ত্রক নির্দেশনা অমান্যের প্রমাণ পাওয়া গেলে বিদ্যমান আইন ও বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে আইডিআরএর সদস্য (সাধারণ বিমা) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, পরিদর্শনের মাধ্যমে উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা যাচাই করা হবে। কোনো প্রতিষ্ঠান যদি নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অমান্য করে থাকে বলে প্রমাণিত হয়, তাহলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।