এনআরবি ব্যাংক পিএলসি এবং ভিসা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রথম ভিসা প্রিপেইড পে-রোল কার্ড চালু করেছে। এর মাধ্যমে দেশজুড়ে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর বেতন বিতরণ ব্যবস্থাকে রূপান্তরিত করার লক্ষ্যে একটি আধুনিক পে-রোল সমাধান উপস্থাপন করা হলো।
সম্প্রতি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয় গুলশান-১, ঢাকায় আয়োজিত আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রিয়াজ খান এবং ভিসার কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ ভিসা প্রিপেইড পে-রোল কার্ড উন্মোচন করেন। এ সময় এনআরবি ব্যাংক পিএলসি-র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ভিসার প্রতিনিধি এবং বিমাফাই-এর সিওও অর্ণব পল উপস্থিত ছিলেন।
ভিসা প্রিপেইড পে-রোল কার্ডটি বেতন বিতরণের জন্য একটি নিরাপদ, কার্যকর এবং সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতি প্রদানের লক্ষ্যে চালু করা হয়েছে। এই সমাধানের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো কর্মচারীদের বেতন সরাসরি প্রিপেইড কার্ডে স্থানান্তর করতে পারবে, যা কার্ডধারীদের এটিএম থেকে টাকা তোলা, পয়েন্ট-অফ-সেল কেনাকাটা, অনলাইন লেনদেন এবং বিল পরিশোধের মাধ্যমে সুবিধাজনকভাবে তাদের তহবিল ব্যবহার করার সুযোগ দেবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রিয়াজ খান বলেন:
“বাংলাদেশের প্রথম ভিসা প্রিপেইড পে-রোল কার্ডের সূচনা উদ্ভাবন এবং ব্যাংকিং অন্তর্ভুক্তি বিষয়ে আমাদের অঙ্গীকারের আরেকটি মাইলফলক।এই সমাধানটি নিয়োগকর্তাদের জন্য বেতন ব্যবস্থাপনা সহজ করার পাশাপাশি কর্মীদের জন্য আরও বেশি সুবিধা, নিরাপত্তা এবং সহজলভ্যতা নিশ্চিত করবে।”
নতুন চালু হওয়া এই পে-রোল কার্ডটি প্রচলিত নগদ বেতন বিতরণের সাথে জড়িত পরিচালনগত জটিলতা হ্রাস করার মাধ্যমে পোশাক, উৎপাদন, খুচরা এবং সেবা খাতসহ বৃহৎ কর্মী বাহিনী সম্পন্ন শিল্পগুলোকে বিশেষভাবে উপকৃত করবে বলে আশা করা হচ্ছে।
এই উদ্যোগের মাধ্যমে, এনআরবি ব্যাংক পিএলসি বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে সহায়তা এবং ব্যবসা ও ব্যক্তি উভয়ের জন্য আধুনিক পেমেন্ট সমাধান প্রচারে তার ভূমিকা আরও শক্তিশালী করছে।
বাংলাদেশে এনআরবি ব্যাংক পিএলসি উদ্ভাবনী ব্যাংকিং পরিষেবা এবং গ্রাহক-কেন্দ্রিক ডিজিটাল ব্যাংকিং সমাধান প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।