ইরানের বিরুদ্ধে চালানো ‘আত্মরক্ষামূলক হামলা’ সমাপ্ত করার ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার জবাবে এই হামলা চালানো হয় বলে সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক সংক্ষিপ্ত বার্তায় সেন্টকম জানিয়েছে, এই হামলাটি মার্কিন বাহিনীর ওপর এবং আঞ্চলিক জলসীমা অতিক্রমকারী আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোতে সাম্প্রতিক আক্রমণের একটি সমানুপাতিক প্রতিক্রিয়া।
সেন্টকম জানিয়েছে, মার্কিন বিমান বাহিনী ও নৌবাহিনীর যুদ্ধবিমান থেকে নিক্ষিপ্ত নির্ভুল অস্ত্রের মাধ্যমে হরমুজ প্রণালির কাছে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, স্থল নিয়ন্ত্রণ কেন্দ্র এবং নজরদারি রাডার স্থাপনাগুলোতে আঘাত হানা হয়েছে।