ঢাকায় টানা কয়েক দিনের তাপদাহের পর হালকা বৃষ্টি হয়েছে। কিন্তু তারপরও বাতাসের মানের উন্নতি হয়নি। দূষিত বায়ুর শহরের তালিকায় আজ তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা।
শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) থেকে এ তথ্য জানা গেছে।
বিশ্বের বিভিন্ন দেশের ১২৪ শহরের ওপর আইকিউএয়ারের করা বাতাসের মান সূচকে এসময় ঢাকার দূষণের স্কোর দেখা গেছে ১৬৪।
কোনো একটি এলাকা বা শহরের স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান অনেক ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
আজ বিশ্বে বায়ুদূষণের তালিকায় শীর্ষে বা দূষণের সর্বোচ্চ স্তরে অবস্থান করছে ভারতের দিল্লি। শহরটির দূষণ স্কোর ১৮৮। এরপর ১৬৬ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা।
এছাড়া ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা শহর ১৬১, পাকিস্তানের লাহোর ১৬০, চীনের চেংদু ১৫৩, ভিয়েতনামের হ্যানয় ১৫১, উগান্ডার কাম্পালা ১৪৯, চিলির সান্তিয়াগো ১৪৭ ও ভারতের কলকাতা ১২৪ স্কোর নিয়ে দূষণের ওপরের সারিতে রয়েছে।