দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কিছু বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন বলে জানা গেছে। ইরাকি গণমাধ্যম শাফাক নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় উদ্ধারকারী দল ও স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, হামলায় এখন পর্যন্ত ১৪ জনের প্রাণহানি ঘটেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
শনিবার কাফরা এলাকায় একটি পূর্ববর্তী হামলার শিকার ব্যক্তিদের সরিয়ে নেওয়ার সময় সিভিল ডিফেন্সের কর্মীদের ওপর পুনরায় হামলার ঘটনা ঘটে। এতে উদ্ধারকাজ ব্যাহত হয় এবং কয়েকজন উদ্ধারকর্মী আহত হন।
এছাড়া, সির আল-গারবিয়া এলাকার একটি আবাসিক ভবন এবং আল-বাকবুক অঞ্চলেও পৃথক হামলার ঘটনা ঘটেছে। সির আল-গারবিয়াতে ৯ জন এবং আল-বাকবুকে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পাশাপাশি নাবাতিয়েহ এলাকার একটি সেনা ব্যারাকে হামলার ফলে এক লেবানিজ সেনা আহত হয়েছেন বলে জানা গেছে। জেজিন, টাইর ও বিনত জবেইল জেলাজুড়েও বেশ কিছু অভিযান চালানো হয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত মার্চ মাসের শুরু থেকে চলমান এই সংঘাতের ফলে দেশটিতে এ পর্যন্ত ৩ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এই সময়ে আহত হয়েছেন প্রায় ১০ হাজার মানুষ। হতাহতদের এই তালিকায় সাধারণ নাগরিক ও চিকিৎসাকর্মীরাও রয়েছেন।
এদিকে পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ লেবাননে বেসামরিক নাগরিকদের ওপর হামলার প্রতিক্রিয়া হিসেবেই তারা এই ড্রোন অভিযান পরিচালনা করেছে।
ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকেও এই ড্রোন হামলার সত্যতা নিশ্চিত করা হয়েছে। তারা জানিয়েছে, লেবানন সীমান্তের কাছাকাছি এলাকায় ড্রোন বিস্ফোরণের ঘটনায় তাদের একজন সেনা নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। অঞ্চলটিতে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে।