আন্তর্জাতিক বাজারে অনেকদিন থেকেই বড় ধরনের ওঠানামার মধ্য দিয়ে যাচ্ছে স্বর্ণের বাজার। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে তৈরি হওয়া আশাবাদ বিশ্ববাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। দীর্ঘ সময় ধরে সুদের হার উচ্চ থাকার যে উদ্বেগ বিনিয়োগকারীদের মধ্যে ছিল, তা কিছুটা কমেছে। এর জের ধরে বিশ্ববাজারে আজ স্বর্ণের দাম কিছুটা বেড়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২০ মে) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৯৯.৬৯ ডলারে দাঁড়িয়েছে।
এর আগের কার্যদিবসে এটি গত ৩০ মার্চের পর সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছিল। আগামী জুনে সরবরাহের চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের বাজারে স্বর্ণের দাম ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫০২.৩০ ডলারে নেমেছে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জানান, যুক্তরাষ্ট্রকে হয়তো ইরানে আবারও সামরিক আঘাত করতে হতে পারে। এমনকি তিনি হামলা চালানোর চূড়ান্ত আদেশ দেওয়ার মাত্র এক ঘণ্টা আগে সেই সিদ্ধান্ত স্থগিত করেছিলেন বলেও উল্লেখ করেন।
তবে পরিস্থিতি শান্ত হওয়ার ইঙ্গিত দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার দ্বিপাক্ষিক আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে। নতুন করে কোনো সামরিক সংঘাত বা অভিযান শুরু হোক—তা কোনো পক্ষই চাচ্ছে না।
ফিলাডেলফিয়া ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রেসিডেন্ট অ্যানা পলসন মঙ্গলবার এক বিবৃতিতে জানান, বর্তমান সুদের হারের স্তরটি সাময়িকভাবে উপযুক্ত। বাজারে এখনো মূল্যস্ফীতির চাপ চড়া থাকায় এই সুদের হার দাম নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করছে। তবে ভবিষ্যতে সুদের হার আরও বাড়তে পারে—বিনিয়োগকারীদের এমন ভাবনাকে তিনি একটি ইতিবাচক লক্ষণ হিসেবে দেখছেন।
এদিকে রয়টার্সের এক জরিপে অধিকাংশ অর্থনীতিবিদ আভাস দিয়েছেন, মার্কিন ফেডারেল রিজার্ভ (ফেড) এই বছর সুদের হার কমানোর সিদ্ধান্ত থেকে বিরত থাকতে পারে।
বাজারে চলমান মূল্যস্ফীতির এই ধাক্কাটিকে সাময়িক মনে করছেন তারা। ফলে সুদের হার কমানোর যে দীর্ঘদিনের পূর্বাভাস ছিল, তা আগামী বছর পর্যন্ত পিছিয়ে যেতে পারে।
কেন্দ্রীয় ব্যাংকের পরবর্তী পদক্ষেপ কী হতে যাচ্ছে, তা স্পষ্টভাবে বুঝতে বিনিয়োগকারীরা এখন ফেডারেল রিজার্ভের এপ্রিল মাসের নীতি নির্ধারণী সভার কার্যবিবরণী প্রকাশের অপেক্ষায় রয়েছেন, যা আজই অবমুক্ত হওয়ার কথা রয়েছে।
স্বর্ণের পাশাপাশি বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও ঊর্ধ্বমুখী। আন্তর্জাতিক বাজারে আজ স্পট সিলভার বা রুপার দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৪.৫৫ ডলারে পৌঁছেছে। এছাড়া প্ল্যাটিনামের দাম ০.২ শতাংশ বেড়ে ১ হাজার ৯২৬.৭০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০.৯ শতাংশ বেড়ে ১ হাজার ৩৬৫.৫০ ডলারে দাঁড়িয়েছে।