নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওইও অঙ্গরাজ্যের কয়েকটি স্কুলে হামলা চালিয়ে বন্দুকধারীরা ৩৯ জন শিক্ষার্থী ও সাতজন শিক্ষককে অপহরণ করেছে। স্থানীয় কর্তৃপক্ষ ও একটি খ্রিস্টান সংগঠন এ তথ্য জানিয়েছে।
সোমবার (১৮ মে) কর্মকর্তারা জানান, শুক্রবার (১৫ মে) আহোরো এসিনেলে এলাকায় এই হামলা হয়। হামলাকারীরা একটি মাধ্যমিক বিদ্যালয় ও দুটি প্রাথমিক বিদ্যালয়কে লক্ষ্য করে আক্রমণ চালায়।
ওইও অঙ্গরাজ্যের খ্রিস্টান অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এলিশা ওলুকায়োদে ওগুনদিয়া বলে, হামলার পর মোট ৪৬ জনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তাদের বেশিরভাগই দুই থেকে ১৬ বছর বয়সি শিশু।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এটি ছিল একটি ‘সমন্বিত হামলা’। বন্দুকধারীরা একই সময়ে ইয়াওটা এলাকার ব্যাপটিস্ট নার্সারি অ্যান্ড প্রাইমারি স্কুলসহ এসিয়েলের আরও দুটি স্কুলে হামলা চালিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অপহরণ করে।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু এ ঘটনাকে ‘বর্বরোচিত’ বলে নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ফেডারেল সরকার ও ওইও অঙ্গরাজ্য প্রশাসন একসঙ্গে কাজ করছে এবং দ্রুত সব জিম্মিকে উদ্ধার করা হবে বলে আশা করা হচ্ছে।
ওইও অঙ্গরাজ্যের গভর্নর ওলুসেই আবিওদুন মাকিন্ডে জানান, অপহৃত এক শিক্ষককে রোববার হত্যা করা হয়েছে। একটি ভিডিওর সূত্র ধরে তিনি এ তথ্য জানান।
তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে অপহরণকারীদের তথ্যদাতা ও সহযোগীও রয়েছে।
গভর্নর জানান, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় নিরাপত্তাকর্মীদের যৌথ উদ্ধার অভিযান চলাকালে হামলাকারীদের পেতে রাখা বোমার মুখে পড়তে হয়। এতে কয়েকজন আহত হয়েছেন এবং তারা বর্তমানে চিকিৎসাধীন আছেন।
সাম্প্রতিক বছরগুলোতে নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীগুলোর গণ-অপহরণ বড় নিরাপত্তা সংকটে পরিণত হয়েছে। দুর্বল নিরাপত্তা ব্যবস্থার সুযোগ নিয়ে এসব গোষ্ঠী মুক্তিপণের জন্য যাত্রী, শিক্ষার্থী ও গ্রামীণ জনগণকে টার্গেট করছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ ধরনের হামলা তুলনামূলক কম হলেও, স্কুলগুলো প্রায়ই অপহরণকারীদের প্রধান লক্ষ্যবস্তু হয়ে উঠছে।