রাজশাহী থেকে দূরপাল্লা ও আন্তঃজেলায় বাস চলাচল বন্ধ রয়েছে। মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে এ কর্মসূচি পালন করা হচ্ছে। এ কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যের যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে।
সোমবার (১৮ মে) সকাল সাড়ে আটটার দিকে শ্রমিকদের একাংশ হঠাৎ করেই বাস চলাচল বন্ধ করে দেন। এরপর থেকে কোনো রুটেই আর বাস চলাচল করতে দেখা যায়নি।
ঢাকাসহ দেশের ১১ জেলায় ঝড়ের পূর্বাভাসঢাকাসহ দেশের ১১ জেলায় ঝড়ের পূর্বাভাস
সংশ্লিষ্টরা জানায়, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রবিবার (১৭ মে) রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি ঘোষণা করেন। নতুন ২১ সদস্যের কমিটিতে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি ও মোমিনুল ইসলাম মোমিনকে সাধারণ সম্পাদক করা হয়। নির্বাচন ছাড়া নতুন কমিটি দেওয়ায় শ্রমিকদের একাংশ সকাল থেকে আন্দোলন শুরু করেন এবং সকল রুটের বাস চলাচল বন্ধ করে দেন।
আন্দোলনকারীদের দাবি, ঘোষিত কমিটি বাতিল করে ৩ মাস মেয়াদী আহ্বায়ক কমিটি গঠন করে নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে হবে।
নতুন ঘোষিত জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম পাখি বলেন, বাস বন্ধের কথা শুনেছি। চেষ্টা করছি যাতে বাস চলাচল স্বাভাবিক হয়।
এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই বাস বন্ধ থাকায় যাত্রীরা সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন।