যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান সংঘাতের ফলে ক্ষতিগ্রস্ত তেহরানের প্রায় ৮০ শতাংশ এলাকা এরই মধ্যে মেরামত ও পুনর্গঠন করা হয়েছে বলে দাবি করেছে ইরান কর্তৃপক্ষ। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং’ (আইআরআইবি) এই তথ্য নিশ্চিত করেছে।
তেহরান প্রদেশের ডেপুটি গভর্নর সাইয়্যেদ কামালউদ্দিন মিরজাফারিয়ান এক বিবৃতিতে জানান, এই সংঘাত চলাকালীন তেহরান প্রদেশে ৬০ হাজারেরও বেশি আবাসিক ও বাণিজ্যিক ইউনিট ‘মার্কিন-জায়নবাদী’ হামলার শিকার হয়েছে। তিনি এই যুদ্ধকে ‘তৃতীয় আরোপিত যুদ্ধ’ হিসেবে অভিহিত করেন।
ইরান সরকারের প্রাথমিক হিসাব অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে দেশটির প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২৭০ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, হামলাগুলোতে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো যেমন— সেতু, বন্দর, রেলওয়ে নেটওয়ার্ক, বিশ্ববিদ্যালয়, গবেষণা কেন্দ্র এবং বেশ কয়েকটি বিদ্যুৎ ও পানি শোধন কেন্দ্র সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও বিপুল সংখ্যক হাসপাতাল, স্কুল এবং সাধারণ মানুষের ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও রাজধানী তেহরানের ক্ষতিগ্রস্ত এলাকার বড় অংশ মেরামত করে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছে দেশটির সরকার।