ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুরের বাতানবাড়ি সীমান্তে বিএসএফের গুলিতে মোরসালিন (২৭) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
শনিবার সকালে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোরসালিন ধজনগর বাতান বাড়ি এলাকার খেবজু মিয়ার ছেলে।
নিহতের পরিবার জানায়, কয়েকজন যুবক রাতে মুরছালিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে খামারহাটি সীমান্ত এলাকায় নিয়ে যায়। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই মুরছালিন নিহত হন। পরে তার মরদেহ ভারতে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ছামিউল ইসলাম জানান, বিএসএফের গুলিতে একজন নিহত হওয়ার খবর তারা পেয়েছেন। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরাচালান সংক্রান্ত ঘটনার জেরেই এ ঘটনা ঘটেছে।
এ বিষয়ে ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শরিফুল ইসলামের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।